সিংড়ায় প্রতিপক্ষের হামলায় ৮টি বাড়ি ভাংচুরসহ লুট

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২২:২২
জেলার সিংড়ায় প্রতিপক্ষের হামলায় ৮টি বাড়ি ভাংচুর, ১৫টি গরু, সোনার গহনা ও নগদ টাকাসহ প্রায় ৫০ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। উপজেলার ৩ নম্বর ডাহিয়া ইউনিয়নের ছতর গ্রামে গত শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি, ৫০-৬০ জনের অস্ত্রসহ একটি দল ঘন্টাব্যাপী এই লুটপাট চালায়। বার বার ফোন করলেও পুলিশ ঘটনাস্থলে আসেনি। তবে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সংবাদ পাওয়ার পরই সেখানে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সরেজমিনে এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থরা জানান, শুক্রবার বিকেলে ওই গ্রামের শমসের মোল্লা ছেলে সালাম ও জমসের মোল্লার ছেলে জুয়েলের নেতৃত্বে বহিরাগত ৫০-৬০ জনের অস্ত্রসহ একটি দল রহমত সরদার, আবুল কালাম, আজাদ, আহম্মদ আলী, ফিরোজ, আসমত খাঁ ও আহাদ খাঁয়ের বাড়িতে হামলা করে। এ সময় বাড়িতে ঢুকে ব্যাপক ভাংচুর, লুটপাট ও ক্ষতি করে। তবে প্রতিপক্ষ জুয়েল দাবি করেন, তার ভাই ধান ব্যবসায়ী আবুল কালাম ৫ জুলাই ব্যবসায়িক কাজে জামতলী হাটে যাওয়ার পথে ছতর গ্রামের কালাম মোহরীর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল হামলা করে তার কাছে থাকা প্রায় ১ লাখ টাকা লুট করে। ঘটনার দিন তারা আগে আমাদের লক্ষ্য করে গুলি চালায়।