নগরীর বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় ৬৬ হাজার টাকার জাল নোটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ওই এলাকায় হাটহাজারী সড়কের পুলিশ চেকপোস্টে একটি বাস থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. হারুন ও মো. জালাল। তাদের পকেট থেকে এক হাজার টাকা মূল্যমানের ৬৬টি জাল নোট উদ্ধার করা হয়।
বায়েজিদ থানার এসআই ইত্তেফাককে জানান, গ্রেফতারকৃতরা হাটহাজারীর চৌধুরীহাট থেকে বাসে করে শহরে আসছিলেন। অক্সিজেন এলাকায় বাস থামানোর পর তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া করে তাদেরকে আটক করা হলেও রুবেল নামে তাদের অপর এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, জাল নোটগুলো বিক্রির জন্য দুই দিন আগে তারা ঢাকা থেকে চট্টগ্রামের হাটহাজারী চৌধুরীহাট এলাকায় আসে।
