জেলায় বখাটেদের উত্ত্যক্ত সইতে না পেরে সুমিতা খাতুন (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। সুমিতা যশোর সদর উপজেলার হাশিমপুর গ্রামের বজলুর রহমানের মেয়ে এবং হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। গতকাল শনিবার চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সুমিতার স্বজনরা জানান, গত ১৫ জুলাই দুপুরে কোচিং এ পড়তে যাওয়ার পথে একই এলাকার মিলন নামে এক বখাটে তাকে জোরপূর্বক পাটক্ষেতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে এ সময় আশপাশের লোকজন ধাওয়া করলে সে পালিয়ে যায়। এ ঘটনার পর গত শুক্রবার সন্ধ্যায় বাড়িতে গলায় ফাঁস দেয় সুমিতা। বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। গতকাল চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার এসআই জানান, বখাটের অপমান সইতে না পেরে মেয়েটি আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
