আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালের ৫ শতাধিক চিকিত্সক ও নার্স একযোগে ছুটিতে যাচ্ছেন। ছুটির আবেদন করেই আগামী শুক্রবার থেকে তারা কর্মস্থল ত্যাগের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ছুটির এক সপ্তাহ অর্ধশত ইন্টার্ন চিকিত্সকসহ ৯২ জন চিকিত্সক ও ১৬০ জন নার্সকেই সামলাতে হবে রোগীদের।
জানা গেছে, বর্তমানে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিত্সক রয়েছে ১৮৯ জন। এর মধ্যে হিন্দু ও খ্রিস্টান সমপ্রদায়ের ১৭ জন। আর স্থানীয় বাসিন্দা রয়েছেন ১৫ জন। এই ৩২ জন ইন্টার্ন চিকিত্সক ঈদের সময় হাসপাতালে দায়িত্ব পালন করে থাকেন। তাদের সঙ্গে থাকবেন আরো ১৮ জন ইন্টার্ন চিকিত্সক- এভাবেই ডিউটি রোস্টার তৈরি হচ্ছে বলে জানা গেছে।
অপর চিকিত্সকদের সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালে ৩৩ জন রেজিস্ট্রারের পদে কর্মরত আছেন ২৮ জন। এর মধ্যে ৪ জন হিন্দু সমপ্রদায়ের হওয়ায় তাদের সাথে আরো ৬ জনকে যুক্ত করে বাকিরা হাসপাতাল ছাড়ছেন। সহকারী রেজিস্ট্রারের ৬৪টি পদে কর্মরত আছেন ৪৩ জন । ১০ জন হিন্দু ধর্মাবলম্বী সহকারী রেজিস্ট্রারের সাথে ৫ জনকে যুক্ত করে বাকিরা সকলেই ঈদের ছুটি কাটাতে হাসপাতাল ছাড়ছেন। সংশ্লি¬ষ্ট বিভাগের বিভাগীয় প্রধানরা রেজিস্ট্রার ও সহকারী রেজিস্ট্রারদের গণছুটিতে যাওয়ার বিষয়টি অবগত রয়েছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। জরুরি বিভাগের ৬ চিকিত্সকের মধ্যে দু’জন হিন্দু ধর্মাবলম্বী। তাদের সাথে একজনকে যুক্ত করে বাকি তিনজন রয়েছেন এ গণ ছুটির তালিকায়। ইতিমধ্যেই জরুরি বিভাগে ৩ জন ডাক্তার রেখে ডিউটি রোস্টার চূড়ান্ত করা হয়ে গেছে।
ইনডোর মেডিক্যাল অফিসারের ২০টি পদে ১৮ জন কর্মরত আছেন। এদের মধ্যে মাত্র ৩ জন হিন্দু ধর্মাবলম্বী। তাদের সাথে আরো ৫ জনকে দায়িত্ব দিয়ে বাকিরা ছুটিতে যাচ্ছেন। ২০ জন মেডিক্যাল অফিসারের পদে কর্মরত আছেন ১৬ জন। একজন হিন্দু ধর্মালম্বী। তার সাথে ৫ জন মেডিক্যাল অফিসার রেখে ১০ জনই ছুটিতে যাচ্ছেন। এর বাইরে আরো ১২ জন সিনিয়র চিকিত্সক ক্যাজুয়াল লিভ (সিএল) নিয়ে ঈদ উপলক্ষে হাসপাতাল ছাড়ার খবর জানা গেছে।
চিকিত্সকদের সাথে পাল্লা দিয়ে নার্সরাও যাচ্ছেন ঈদের ছুটিতে। এ হাসপাতালে কর্মরত মোট ৪শ’ ৯ নার্সের মধ্যে ২৩ জন সুপারভাইজার। এদের মধ্যে ১০ সুপার ভাইজারসহ মোট ১৩৭ জন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন এবং বাকিরা ছুটিতে যাবেন এমন ডিউটি রোস্টার তৈরি করা হচ্ছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মতই সদর হাসপাতালে ডাক্তার ও নার্সদের গণছুটিতে যাওয়ার আয়োজন চলছে। সেখানে কর্মরত ১৯ জন চিকিত্সকের মধ্যে ৩ জন হিন্দু সমপ্রদায়ের। তাদের সাথে স্থানীয় ৩ চিকিত্সককে দায়িত্ব দিয়ে বাকি ১৩ চিকিত্সক ছুটিতে যাচ্ছেন। ১১৫ জন নার্সের মধ্যে ৫০ জন হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় তাদের রেখে বাকিরা সকলেই ঈদ ছুটিতে যাচ্ছেন বলে সদর হাসপাতাল সূত্র জানিয়েছে
এ ব্যাপারে শেরেবাংলা মেডিক্যাল কলেজের পরিচালক ডা. মু. কামরুল হাসান সেলিম জানান, ঈদ উপলক্ষে এখন পর্যন্ত কাউকে ছুটি দেয়া হয়নি। কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত কেউ কর্মস্থল ত্যাগ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
