ভারতে বড়সড় হামলার ষড়যন্ত্র আল-কায়েদার!

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২২:৫৮
ভারতের বড় ধরনের হামলার ষড়যন্ত্র করছে আল-কায়েদা। জঙ্গি সংগঠনটি এখন ভারতের দরজায় কড়া নাড়ছে এবং তারা ভারতে চূড়ান্ত যুদ্ধের জন্য এগিয়ে আসছে। নয়াদিল্লি এ তথ্য জানতে পেরেছে। সংগঠনটি ভারতে তাদের আদর্শ প্রতিষ্ঠা করতে চায়। ভারতের নিরাপত্তা বাহিনী জানতে পেরেছে, আল-কায়েদা ভারতকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে। তাদের পরিকল্পনার নাম দেওয়া হয়েছে, ‘ঘাজওয়া-ই-ইন্ডিয়া’ যার অর্থ ভারতের সঙ্গে চূড়ান্ত যুদ্ধ অর্থাত্ ভারত থাকবে আল-কায়েদার নিয়ন্ত্রণে। কোথা থেকে এই সন্ত্রাসী হামলা শুরু করা হবে সেটি জানার চেষ্টা করছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এছাড়া পশ্চিম এশিয়ার সরকারের সঙ্গে এ ব্যাপারে দেশটির সরকার যোগাযোগও শুরু করেছে। সরকারের একটি সূত্র জানিয়েছে, এই হামলায় কাশ্মীরের সন্ত্রাসী গ্রুপ ছাড়াও আল-কায়েদা এবং তালেবানপন্থীরা অংশ নিতে পারেন। প্রমাণ আছে, আল-কায়েদা তার আদর্শ ছড়িয়ে দিতে কাশ্মীরে তাদের ভারতীয় গ্রুপের সঙ্গে সংযোগ রাখছে। অনলাইনে আল-কায়েদার একটি পাবলিকেশনস আছে যার নাম ‘আযান’। এটি যদিও সাধারণ মানুষ জানতে পারছে না তবুও এই পাবলিকেশনটি ই-মেইলের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। আল-কায়েদার কাশ্মীর গ্রুপ এটা ডাউনলোড দিচ্ছে। এর মাধ্যমে ভারতে আল-কায়েদা তার আদর্শ প্রচার করছে। ভারত সরকার এই ভয়ে আছে, ‘আযানের’ মাধ্যমে আল-কায়েদা তার আদর্শ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বড় ধরনের হামলা করতে পারে। সূত্র জানায়, তেহরিক-ই-তালেবানের মতো সন্ত্রাসী গোষ্ঠী কাশ্মীরে তাদের অফিস চালু করার ঘোষণা দিয়েছে। আরো জানা গেছে, কাশ্মীরের শ্রীনগরে গত বছর আল-কায়েদার পতাকা উড়তে দেখা গেছে। এছাড়া গত বছর শ্রীনগরের হরি পর্বত ফোর্টের দেয়ালে লেখা দেখা গেছে, ‘স্বাগতম তালেবান’। সূত্র জানায়, পরিস্থিতি যাতে আরো খারাপ না হতে পারে সেজন্য পর্যবেক্ষণ করা হচ্ছে। ভারতের অভ্যন্তরের ইন্ডিয়ান মুজাহিদিনের (আইএম) নেটওয়ার্ক বৃদ্ধি পাচ্ছে। এই সন্ত্রাসী গোষ্ঠীটির আল-কায়েদা, তালেবান, হিজবুত তাহরীর সঙ্গে ঘনিষ্ঠতা আছে। ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) জিজ্ঞাসাবাদে মুজাহিদিনের এক নেতা জানিয়েছেন, আল-কায়েদা এবং তালেবান মুজাহিদিনকে সহায়তা করছে। মুজাহিদিনের কিছু সদস্য আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে যুদ্ধ করছে। ওই নেতার বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রে এনআইএ বলেছে, পাকিস্তানভিত্তিক মুজাহিদিনের শীর্ষ কমান্ডার রাইয়াজ ভাটকল আফগাস্তািন-পাকিস্তান সীমান্ত সফর করেছেন এবং আল-কায়েদার সঙ্গে বৈঠক করেছেন।