পিরোজপুরে কমছে জোয়ারের পানি

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২২:৫৯
গত সপ্তাহে অস্বাভাবিক জোয়ারে জেলায় প্লাবিত বিভিন্ন গ্রাম থেকে পানি কমতে শুরু করেছে। কমে যাওয়া পানির স্রোতে নদী ভাঙ্গন মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। ভাঙ্গনে বেঁড়িবাধ, রাস্তা, ফসলি জমি, বাগান ক্ষতির মুখে পড়েছে। বলেশ্বর ও কঁচা নদীর প্রবল স্রোতে মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া, ভোলমারা, খেতাচিড়া, ভান্ডারিয়ার জুনিয়ারচর, তেলিখালী, বোথলা, নদমূলা, চরখালী এলাকা ভেঙ্গে যাচ্ছে। পাশাপাশি সদর উপজেলার গাজীপুর, শারিকতলা, নলবুনিয়া, কাউখালীর পাঙ্গাশিয়া, আশোয়া, স্বরূপকাঠির জলাবাড়ি, গণমান প্রভৃতি এলাকায় নদী ভাঙ্গন তীব্রতর হয়েছে। এছাড়া কালীগঙ্গা নদীর স্রোতে স্বরূপকাঠির চাঁদকাঠি, কাউখালীর হোগলা, সদরের কলাখালী গ্রাম হুমকির মুখে। ভান্ডারিয়ার তেলিখালী ও ইকড়ি ইউনিয়নে ব্যাপক এলাকা এখনও জলমগ্ন অবস্থায় রয়েছে। বিশেষত গোলবুনিয়া গ্রামের বিস্তীর্ণ ফসলের ক্ষেত এখনো পানির নিচে।