চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ও সদর ইউনিয়নের হাতিয়ার খালের উপর নির্মিত পাকা ব্রিজটি বিগত ১ বছর যাবত্ ভেঙ্গে গেলেও এখনও পর্যন্ত পুনর্নির্মাণ না হওয়ায় ৮ গ্রামের অর্ধ লক্ষাধিক লোকের ভোগান্তির পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ত্রুটিপূর্ণ ও নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ব্রিজ তৈরি এবং বর্ষায় খালের পাড় ধসে যাওয়ায় এর বেহাল দশা হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। যার ফলশ্রুতিতে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হাতিয়ারকুল, মির্জাখিল, সাইরতলী, আছারতলী, গারাংগিয়া, সামিয়ার পাড়া, মাদার্শার সাথে সাতকানিয়া সদর ইউনিয়নের নয়াপাড়া, রূপকানিয়া, গাজীর পাড়া, মহুরী পাড়া, চন্দন পাড়া, বারদোনা এলাকার সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।
মির্জাখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আকতার কামাল জানান, ভাঙ্গা ব্রীজ দিয়ে ছাত্র-ছাত্রীদের যাতায়াত খুবই ঝুঁকিপূর্ণ। সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আহমদ কবির জানান, বিগত ১ বছর আগে ব্রীজটি ভেঙ্গে গেলেও কর্তৃপক্ষ কেন তা পুনর্নির্মাণের জন্য কোন উদ্যোগ গ্রহণ করছেন না তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। সাতকানিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন জানান, ভাঙ্গা ব্রীজটি আমি সরেজমিন পরিদর্শন করেছি। ব্রীজটি নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে।
