পৃথক ঘটনায় ৮জন নিহত

আপডেট : ২০ জুলাই ২০১৪, ২০:৫০
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় আটজনের মৃত্যুর খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। গৌরনদীতে মাইক্রোবাস চালক নিহত বরিশালের গৌরনদীতে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় হামিদুল ইসলাম (৩৫) নামে এক মাইক্রোবাস চালক ব্যক্তি নিহত ও নয়জন আহত হয়েছেন। গৌরনদীর ইল্লা এলাকায় গত শনিবার দুপুরে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস চালক হামিদুলসহ সাতজন আহত হয়েছেন। আহতদের গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রোবাস চালক হামিদুল ইসলাম রাতে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। অপর দিকে গতকাল রবিবার সকালে গৌরনদী ফায়ার সার্ভিসের সম্মুখে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কভার ভ্যানের ধাক্কায় একটি যাত্রীবাহী প্রাইভেটকার দুমড়ে মুচরে যায়। প্রাইভেটকারের তিন যাত্রী আহত হন। গাইবান্ধায় একজন নিহত গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলস্টেশনের নিকট কলেজ রেলগেট এলাকায় গতকাল রবিবার দুপুরে চলন্ত ট্রেনের সাথে ভটভটির সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক ভটভটি চালক নিহত ও চারজন আহত হয়েছেন। বোনারপাড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক মুজিবুল ইসলাম জানান, এ নিয়ে থানায় মামলা হয়েছে। গোপালগঞ্জে যুবক নিহত গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় গত শনিবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় মিঠুন মৃধা (২৫) নামে এক যুবক নিহত ও আরো দুইজন আহত হয়েছেন। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিংড়ায় একজন নিহত নাটোরের সিংড়ায় গত শনিবার রাত ৯টায় মোটর সাইকেলের ধাক্কায় আব্দুস সালাম (৪০) নামে একজন নিহত হয়েছেন। সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পাকুন্দিয়ায় মুয়াজ্জিনের লাশ উদ্ধার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর পাড়াতলা গ্রাম থেকে গতকাল রবিবার রতন মুন্সি (৪০) নামে এক মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ছিল। এ ব্যাপারে পাকুন্দিয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে। কালিহাতীতে গৃহবধূর আত্মহত্যা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ গ্রামে গতকাল রবিবার ভোরে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে কোহিনুর বেগম (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। বিয়ানীবাজারে ছাত্রীর আত্মহত্যা সিলেটের বিয়ানীবাজারে গতকাল রবিবার ভোরে ইসমত জাহান ইশমা (১৮) নামে এক কলেজ ছাত্রী পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। সে বিয়ানীবাজার সরকারি কলেজের ২য় বর্ষের ছাত্রী। এ ঘটনায় পুলিশ একই কলেজের সহপাঠী জিবান নামে একজনকে আটক করেছে। নিহত কলেজ ছাত্রীর মামা আব্দুল মতিন জানান, কলেজে যাতায়াতের পথে তার ভাগ্নীকে নিয়মিত উত্যক্ত করতো বখাটে জিবান। এমনকি সে তার ভাগ্নীকে বিরক্ত করতে প্রায়ই তাদের বাড়ির পাশে সন্দেহজনক ঘুরাফেরা করে। গতকাল রবিবার ভোরে ওই বখাটে তার ভাগ্নীকে একা পেয়ে ধাওয়া দিলে আত্মরক্ষার্থে সে পুকুরে ঝাঁপ দেয়।’ বিয়ানীবাজার থানার ওসি আবুল কালাম আজাদ জানান, প্রাথমিক অবস্থায় প্রেমঘটিত বিষয়ে মেয়েটির মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। বাবুগঞ্জে একজনের লাশ উদ্ধার বরিশালের বাবুগঞ্জের সন্ধ্যা নদী থেকে গতকাল রবিবার দুপুরে আ. হক চৌকিদার (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিল বলে স্থানীয়রা জানান।