হবিগঞ্জ জেলার বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদে তালিকাভুক্ত হতদরিদ্র ৪৫ জন ভিজিএফের চাল পায়নি। ঈদকে সামনে রেখে সরকারের গরিব ও দুঃস্থদের মাঝে ভিজিএফের এই চাল বিতরণে ইউপি চেয়ারম্যান ও সচিবের দাবিকৃত ২০ টাকা না দেয়ায় চাল থেকে বঞ্চিত হন তারা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ইউপি সদস্য মতিউর রহমানসহ ভিজিএফ বঞ্চিতরা লিখিত অভিযোগ করেছেন। ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন অভিযোগ অস্বীকার করে শতভাগ স্বচ্ছতার সঙ্গে চাল বিতরণ করা হয়েছে বলে দাবি করেছেন। অভিযোগপত্রে বলা হয়, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মতিউর রহমান তার ওয়ার্ডের হতদরিদ্রের নামের তালিকা প্রস্তুত করে পরিষদে জমা দেন। চেয়ারম্যান নামের তালিকা গত ২৯ জুন অনুমোদন করেন। ১৩ জুলাই চাল বিতরণ করা হলেও কেউ চাল পাননি। অভিযোগপত্রে উল্লে¬খ রয়েছে, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন ও সচিব অসিত সরকার গুদাম থেকে ইউনিয়ন পরিষদে চাল পরিবহন খরচ বাবদ ২০ টাকা দাবি করেন। টাকা না দেয়ায় ভিজিএফের চাল থেকে তাদের বঞ্চিত করা হয়।
