শিবগঞ্জে ১শ’ ২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ হাজার জন শিক্ষক-কর্মচারী গত জুন মাসের বেতন ভাতা ও চলতি ঈদ বোনাস উত্তোলন করতে না পারায় সামনে ঈদুল ফিতরের আনন্দ থেকে বঞ্চিত হতে যাচ্ছে।
সূত্র মতে শিবগঞ্জে ১৫টি কলেজের ৭৮৫ জন, ৭৫টি উচ্চবিদ্যালয়ের ১০৭৬ জন, ৪১টি মাদ্রাসার ৮৩৯ জন, ৪টি এসএসসি ভোকেশনাল উচ্চবিদ্যালয়, ৩টি বিএম কলেজ ও ১টি এবতেদায়ী মাদ্রার প্রায় ২শ’ জন শিক্ষক কর্মচারী গত জুন মাসের বেতন ভাতা ও সামনে ঈদুল ফিতরের বোনাস ভাতা উত্তোলন করতে না পারায় ঈদের আনন্দ থেকে বঞ্চিত হতে যাচ্ছেন। প্রতিমাসের ৭ তারিখের মধ্যে বিগত মাসের বেতন ভাতা পাওয়ার কথা থাকলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা ১৫ থেকে ২০ তারিখের মধ্যে বেতন ভাতা উত্তোলন করতে পারেন। কিন্তু বর্তমানে জুলাই মাসের ২০ তারিখ পার হয়ে গেলেও গত জুন মাসের বেতন ভাতা উত্তোলন করতে পারেননি। একজন শিক্ষক বললেন, আমার ৫ বছরের শিশু নতুন জামার জন্য কান্নাকাটি করলেও কোন উত্তর দিতে পারিনি। শুধু নিজেকেই ধিক্কার জানিয়েছি। এ ব্যাপারে সোনালী ব্যাংক শিবগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাঃ আবু বাক্কার জানান, ২৪ জুলাইয়ের মধ্যে তাদের বেতন ভাতা উত্তোলনের শেষ তারিখ ঘোষিত হলেও এখন পর্যন্ত বেতন জমা হয়নি। তিনি আরো জানান, ২৪ তারিখে তাদের বেতন ভাতা জমা হলেও দেয়া সম্ভব হবে না। কারণ ২৫ ও ২৬ তারিখ সরকারি ছুটির দিন, মধ্যখানে শুধু ২৭ তারিখ ব্যাংক খোলা থাকলেও এতগুলো গ্রাহকের টাকা সম্ভব হবে না। চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাঃ আনোয়ারুল ইসলাম এ বিষয়ে সরকারের কঠোর সমালোচন করে বলেন, সরকার এটি সম্পূর্ণ অমানবিক কাজ করছে।
