বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় সংসদ সদস্যর প্রতিষ্ঠিত একটি বৃদ্ধাশ্রমের সরকারি জিআর (খয়রাতি) প্রকল্পের ১৮ টন চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পিআইও অফিসের অফিস সহকারী হুমায়ুন কবিরকে পুলিশের কাছে সোপর্দ করেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। পরবর্তীতে আত্মসাত্কৃত চাল ফেরত দেয়ার মুচলেকা দিয়ে ছাড়া পান ওই অফিস সহকারী।
জানা গেছে, উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, বৃদ্ধাশ্রমের জন্য সমপ্রতি সরকার প্রদত্ত জিআর প্রকল্পের মাধ্যমে ১৪০ টন চাল বরাদ্দ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী হুমায়ুন কবির কতিপয় অসাধু কর্মকর্তাদের যোগসাজশে ওই চাল ভুয়া প্রকল্প দাখিলের মাধ্যমে আত্মসাত্ করেন। এর মধ্যে আগৈলঝাড়ার সেরাল গ্রামে এমপি হাসানাতের পিতার নামে প্রতিষ্ঠিত শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বৃদ্ধাশ্রমের নামেও জিআর প্রকল্পের ১৮টন চাল বরাদ্দ দেখিয়ে পুরোটাই আত্মসাত্ করেন হুমায়ুন কবির।
শনিবার রাতে নিজ নির্বাচনী এলাকায় এসে বিষয়টি জেনে ক্ষুব্ধ হন আবুল হাসানাত আব্দুল্লাহ। তাত্ক্ষণিক তার নির্দেশে দলীয় নেতা-কর্মীরা ডাকবাংলোতে অভিযুক্ত হুমায়ুনসহ অন্যদের ডেকে আনেন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়ার পর এমপি’র নির্দেশে পুলিশ হুমায়ুন কবিরকে আটক করে। পরবর্তীতে আত্মসাত্কৃত চাল ফেরত দেয়ার মুচলেকা দেয়ায় স্থানীয় এমপি’র নির্দেশে হুমায়ুনকে ছেড়ে দেয়া হয়।
