কেন্দুয়ায় দুঃস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ
নেত্রকোনা প্রতিনিধি \ পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের দুঃস্থ ও অসহায় দরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ করা হয়। চাল বিতরণ উদ্বোধন করেন, পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক তালুকদার কনক। এ সময় ইউপি সচিব সুব্রত ভট্টাচার্য, সদস্য আব্দুল লতিফ, আবু হারেছ, আব্দুর রউফ, আমিনুল ইসলাম রোমনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জে এক্সপ্রেস ট্রেনের আসন বৃদ্ধির দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জ প্রতিনিধি \ ঈদে ঘরে ফেরা মানুষদের সুবিধার্থে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি ন্যূনতম নতুন দুটি বগি সংযোজনসহ বিশেষ ট্রেন চালুর দাবিতে সিরাজগঞ্জ জেলা বাসদের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সমাবেশে বক্তব্য রাখেন বাসদের জেলা আহবায়ক কমরেড নব কুমার কর্মকার, সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির নেতা আবু এহিয়া খান, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কর্স নেতা মোঃ নূরুল ইসলাম মন্টু, শ্রমিক ফ্রন্ট নেতা মোঃ খয়ের, ছাত্রফ্রন্ট নেতা নাসিম খান প্রমুখ।
লোহাগড়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা \ নড়াইলের লোহাগড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৪ গত শনিবার সম্পন্ন হয়েছে। ত্রি-বার্ষিক নির্বাচনে মোঃ খায়রুল ইসলাম সভাপতি, মোঃ জাহিদুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি, মোঃ সেলিম জাহাঙ্গীর সহ-সভাপতি, শিমুল হাসান সাধারণ সম্পাদক, সাহেদ মাহমুদ যুগ্ম সম্পাদক, এসএম জহুরুল হক মিলু অর্থ সম্পাদক, কাজী আল-মামুন প্রচার ও প্রকাশনা সম্পাদক, কাজী ইমরান হোসেন ক্রীড়া ও দপ্তর সম্পাদক, আকরামুজ্জামান মিলু নির্বাহী সদস্য এবং প্রেসক্লাব কল্যাণ তহবিলের নির্বাহী পরিচালক-১ শেখ বদরুল আলম টিটো, নির্বাহী পরিচালক-২ রুপক মুখার্জি, নির্বাহী পরিচালক-৩ জহির ঠাকুর, নির্বাহী পরিচালক-৪ কাজী পিকুল এবং সহকারী পরিচালক-১ শাহজাহান খান সাজু, সহকারী পরিচালক-২ রাজিয়া হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন কমিটির চেয়ারম্যান অজয় কান্তি মজুমদার।
কোটালীপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা\ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়ার্ল্ডভিশনের কোটালীপাড়া এডিপির শিক্ষা প্রকল্পের সহযোগিতায় ও বিদ্যালয় উন্নয়ন কার্যক্রম কমিটির আয়োজনে গতকাল রবিবার ৬৯ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের মাঝে পদক ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল, বাপার্ডের উপ-পরিচালক মাহামুদুন্নবী, আ’লীগ সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম,উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন-উর-রশীদ, কোটালীপাড়া বিদ্যালয় উন্নয়ন কার্যক্রম কমিটির সভাপতি সরওয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক জামাল হোসেন গাজী, বাংলাদেশ ওয়ার্ল্ডভিশন কোটালীপাড়া এডিপির ম্যানেজার শিক্ষা পিন্টু মন্ডল, শিক্ষক সমিতির সভাপতি স্বপন কুমার দে, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কৃষ্ণ কান্ত সরকার উপস্থিত ছিলেন।
বেনাপোলে ১ কোটি টাকার শাড়ির চালান জব্দ
বেনাপোল (যশোর) সংবাদদাতা \ ভারত থেকে পাচার হয়ে আসার পর গতকাল রবিবার ভোর রাতে বেনাপোলের বড়আঁচড়া সীমান্ত থেকে বিপুল পরিমাণ শাড়ির চালান জব্দ করেছে বিজিবি। ২৬ বিজিবি বেনাপোল কোম্পানী সদরের সুবেদার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, চোরাকারবারীরা ভারত থেকে বিপুল পরিমাণ কাপড়ের চালান সীমান্ত পার করে বেনাপোলের বড়আঁচড়া সীমান্ত এলাকায় অবস্থান করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বড়আঁচড়ার এমপির মোড়ে অভিযান চালায়। এসময় চোরাকারবারীরা ১৪টি ভারতীয় কাপড়ভর্তি ডোপ বস্তা ফেলে পালিয়ে যায়। পরে এসব জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১ কোটি টাকা বলে বিজিবি জানায়।
মৌলভীবাজারে গাছের চারা বিতরণ
মৌলভীবাজার প্রতিনিধি \ সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় অগ্রণী ব্যাংক লিঃ-এর উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার প্রধান অতিথি হিসেবে চারা বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি। বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা এস এম আফসারুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান,অগ্রণী ব্যাংকের সহকারী মহা-ব্যবস্থাপক হিফজুর রহমান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম,অগ্রণী ব্যাংক লিঃ সোশ্যাল প্রোগ্রেস সার্ভিসের নির্বাহী পরিচালক মানান ভাসানী প্রমুখ।
কাজীপুরে বরাদ্দের অভাবে রাস্তার নির্মাণ বন্ধ
কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে কাজীপুর উপজেলার সিংড়াবাড়ী স্পার থেকে পাটাগ্রাম স্পার পর্যন্ত প্রায় সোয়া কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ কাম রাস্তার কাজ মাঝপথে থমকে আছে। সময়মত কাজ শেষ করতে না পারলে যমুনার পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে প্রায় ২শ’ পরিবারের বসতবাড়ি এবং আবাদী জমিতে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, সিংড়া বাড়ি স্পার থেকে যমুনার কাছ ঘেঁষে বন্যানিয়ন্ত্রণ বাঁধ কাম রাস্তাটির নির্মাণ কাজ শুরু হয়েছে। রাস্তাটির কাজ পাটাগ্রাম স্পারের প্রায় ৭শ’ গজ উজানে এসে বন্ধ রয়েছে। প্রকল্পের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জানান, এলাকাবাসীর দুঃখ-কষ্টের কথা বিবেচনায় এনে সাবেক এমপি তানভীর শাকিল জয়ের সহযোগিতায় ৩ লাখ টাকা সরকারি বরাদ্দ পেয়ে কাজ শুরু করেছিলাম, ইতিমধ্যে প্রায় ১২ লাখ টাকা খরচ হয়ে গেছে, ফলে অর্থাভাবে রাস্তার নির্মাণ কাজ শেষ করা কঠিন হয়ে পড়েছে।
মুক্তাগাছায় মুক্তিযোদ্ধা সন্তানদের সম্মানে ইফতার
মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা \ মুক্তাগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে গত শনিবার স্থানীয় পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক এমপি খোন্দকার আঃ মালেক শহিদুল্লাহ, পৌর মেয়র আব্দুল হাই আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার বাবুল মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আনোয়ার হোসেন, ডেপুটি কমান্ডার জিয়াউল ইসলাম, হারুন আল রশিদ, মুক্তাগাছা উপজেলা কমান্ডার আবুল কাসেম, ডেপুটি কমান্ডার রেজাউল করিম জিন্নাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মুন্সীগঞ্জে ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ অবৈধ ড্রেজিং-এর হাত থেকে ফসলি জমি রক্ষার দাবীতে মুন্সীগঞ্জে কৃষকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। গতকাল রবিবার মুন্সীগঞ্জ সদর উপজেলার অধারা ইউনিয়নরে চর আব্দুল্লাহ গ্রামে অবৈধ ড্রেজিং-এ ক্ষতিগ্রস্ত কয়েকশ’ কৃষক মানববন্ধনে অংশ নেন। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করে। মানববন্ধনকারীরা বলেন, টেন্ডারের মাধ্যমে মেঘনা নদীর সরকারের নির্ধারিত স্থান থেকে মাটি কাটার কথা থাকলেও ইজারাদার আফসার উদ্দিন ভুঁইয়া, কবির মাস্টার ও নাসির মেম্বার অবৈধভাবে ড্রেজার দিয়ে আমাদের কৃষি জমি কেটে নিয়ে যাচ্ছে। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় ২ হাজার কৃষক।
রায়গঞ্জ সোনালী ব্যাংক ম্যানেজারের অফিস ভাংচুর
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ রায়গঞ্জে সোনালী ব্যাংকের ধানগড়া শাখার ম্যানেজারের অফিস ভাংচুর করেছে ঐ ব্যাংকের জুনিয়র অফিসারের এক বখাটে পুত্র। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বরে অবস্থিত সোনালী ব্যাংক ধানগড়া শাখায়। সরেজমিনে গিয়ে জানা গেছে, পিতা-পুত্রের পারিবারিক কলহের জের ধরে গতকাল ঐ ব্যাংক শাখার জুনিয়র অফিসার সেলিম রেজার পুত্র আতিকুল ইসলাম শাখা ব্যবস্থাপক আব্দুল মজিদের অফিস কক্ষে ঢুকে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে অফিস বাউন্ডারির গ্লাস ভাংচুর করতে থাকে। পরে অফিসের লোকজন ছুটে এসে তাকে নিভৃত করে।
লক্ষ্মীপুরে কম্পিউটার হার্ডওয়ার প্রশিক্ষণ উদ্বোধন
লক্ষ্মীপুর প্রতিনিধি \ গতকাল রবিবার বিকেলে কম্পিউটার বেসিক হার্ডওয়ার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। শহর সমাজ সেবা কার্যালয়ের সমন্বয় পরিষদের সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক একে এম টিপু সুলতান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মাষ্টার, জেলা সমাজ সেবা উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডঃ নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যা, জেলা তথ্য অফিসার আবদুল্লা আল মামুন, আসাদুজ্জামান চৌধুরী প্রমুখ।
সুনামগঞ্জে পথ শিশুদের মধ্যে ঈদের পোশাক বিতরণ
সুনামগঞ্জ প্রতিনিধি \ প্রয়াত রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধের সংগঠক বরুন রায়, মুক্তিযোদ্ধা মরহুম হোসেন বখ্ত, আলতাফ উদ্দিন আহমদ এবং মুক্তিযোদ্ধা বজলুল মজিদ খসরু এই ৪ জন মুক্তিযোদ্ধার মাসিক সম্মানী ভাতা দিয়ে “গৌরবের মুক্তিযোদ্ধা সহায়তা ট্রাস্ট” পথ শিশুদের ঈদের পোশাক বিতরণ করেছে। গত শনিবার এই সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে পথ শিশুদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করা হয়। পথ শিশুদের হাতে পোশাক তুলেদেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। এছাড়া উপস্থিত ছিলেন মুহিবুর রহমান মানিক এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, এড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন আর রশিদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, নারী নেত্রী ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা নারী নেত্রী শীলা রায়, ট্রাস্টের প্রতিষ্ঠাতা এড .বজলুল মজিদ চৌধুরী খসরু, নারী নেত্রী শামীমা শাহরিয়ার প্রমুখ।
মহেশপুরে সীমান্তে ভারতীয় মদ উদ্ধার
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ মহেশপুর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে গতকাল রবিবার সকালে বাঘাডাঙ্গা ও খোসালপুর মাঠ থেকে ২শ’ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। বাঘাডাংগা বিওপি ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার আব্দুর রহিম ও আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে বাঘাডাঙ্গা ও খোসাপুর মাঠ থেকে ২শ’ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এসময় তারা কাউকে গ্রেফতার করতে পারেনি।
টুঙ্গিপাড়ায় নারী উন্নয়ন ফোরামের কর্মশালা
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা\ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় নারী উন্নয়ন ফোরাম গঠন ও নির্বাচিত নারী প্রতিনিধিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্ষমতা ও অধিকার প্রতিষ্ঠায় নারী সমাজের ভূমিকার উপর গুরুত্ব দিয়ে দিনব্যাপী গতকাল রবিবার টুঙ্গিপাড়া উপজেলা মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট এর আওতায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী সদস্যদের নিয়ে নারী উন্নয়ন ফোরাম গঠন করা হয়েছে। নারী ফোরামে টুঙ্গিপাড়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা মিমিকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এ,এন,এম মাঈনুল ইসলাম, ডিডিএলজি, গোপালগঞ্জ, উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা ও ঢাকার ডিভিশনাল ফ্যাসিলিটিটর ড. সোহেল ইকবাল।
মধুখালীতে ব্যবসায়ীদের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা\ গতকাল রবিবার দুপুর ২টায় মধুখালী উপজেলা চেয়ারম্যান অফিস কক্ষে উপজেলা কৃষি অধিদপ্তর লোকাল এগ্রি- বিজনেস নেটওয়ার্ক (ল্যান) প্রকল্প উপজেলা পর্যায়ে কার্যক্রম অবহিতকরণ এবং উপজেলার মধুখালী বাজার ব্যবসায়ী সমিতির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্লা। বক্তব্য রাখেন জেলা ফ্যাসালিটিটর নাজিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা খালেদা পারভীন, ব্যবসায়ী পরিষদের সভাপতি আব্দুস ছালাম বিশ্বাস প্রমুখ।
মাদারগঞ্জে বিআরটিসি’র এসি বাস সার্ভিস উদ্বোধন
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মাদারগঞ্জ-ঢাকা সড়কে শীতাতপ নিয়ন্ত্রিত বিআরটিসি বাস সার্ভিস এর উদ্বোধন করা হয়েছে। বাস সার্ভিস উদ্বোধন করে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। সকাল ১০টায় বালিজুড়ি বাস টার্মিনাল থেকে এই সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু অরুন কুমার সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. কামরুজ্জামান প্রমুখ।
বাবুগঞ্জে শিশু কিশোর পাঠাগারের কমিটি গঠন
বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা\ বরিশালের বাবুগঞ্জ শিশু কিশোর পাঠাগারের আয়োজনে এক আলোচনা সভা ও কমিটি গঠন গতকাল সকাল ১০টায় ইদেলকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্যে রাখেন আবুল কালাম আজাদ, অতুল দাস আলো প্রমুখ। সভাশেষে সর্বসম্মতিক্রমে মোঃ সুমন আকনকে সভাপতি, শাখাওয়াত হোসেন মুন্নাকে সহ-সভাপতি, মোঃ রাসেল হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা। একই সভায় সংগঠন পরিচালনা করার জন্য স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ টিপু সুলতান, আবদুল খালেক, বিশিষ্ট সমাজ সেবক গোলাম মাহাবুব, উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন, বজলুর রহমান মাস্টার, অধ্যাপক ইসাহাক শরীফ, কাজী এমদাদুল হক দুলাল, মুক্তিযোদ্ধা কমান্ডার আনিছুর রহমান সিকদার, সমাজ সেবক মাহাবুবুর রহমান সোহাগ, টি এম শাহজাহান, মুকিতুর রহমান কিসলু, আলাউদ্দিন খানকে উপদেষ্টা করা হয়।
ফরিদপুরে সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে ‘কমিউনিটি মিটিং’
ফরিদপুর প্রতিনিধি\ ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের সাইবেরিয়া গ্রামে সামাজিক ক্ষমতায়ন, জনজীবনের নিরাপত্তা ও অবস্থার উন্নয়নের লক্ষ্যে ‘কমিউনিটি মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংগঠন ব্র্যাক ও সেফার ওয়ার্ল্ডের যৌথ উদ্যোগে পরিচালিত ‘কমিউনিটি সেফটি প্রকল্প’ এর আওতায় প্রত্যন্ত অঞ্চলের মানুষের সামাজিক নিরাপত্তা উন্নয়নের লক্ষ্যে এই কমিউনিটি মিটিং অনুষ্ঠিত হয়। ব্র্যাক বদরপুর শাখার আয়োজনে মো. হায়দার হোসেন বাবলু এর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিউিনিটি মিটিং এ স্থানীয় কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফকির মো. বেলায়েত হোসেন, বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও মহিলা সদস্যসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
