ঢাকা-সিলেট মহাসড়কের একাধিকস্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। আইন না মেনে অতিরিক্ত মাল বহন ও ভারি যান চলাচলের কারণে এ ভাঙ্গন সৃষ্টি হলেও সে ব্যাপারে প্রশাসনের উদাসীনতায় প্রতিদিন ঘটছে একাধিক দুর্ঘটনা। এদিকে সংস্কারের নামে পিচ উঠিয়ে মহাসড়ক উঁচু-নিচু করার ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর থেকে সিলেট অংশে মহাসড়ক সংস্কারের দু’মাস যেতে না যেতেই আবারো রাস্তায় ভাঙন ও ফাটল দেখা দিয়েছে। মহাসড়কের বিভিন্ন অংশের অসংখ্য স্থানে মাকড়সার জালের মতো ফাটল সৃষ্টি হয়েছে। ডেবে গেছে মহাসড়কের অনেকাংশ। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো মহাসড়কের ডেবে যাওয়া অংশগুলোর কয়েকটি স্থান দায়সারাগোছের মেরামত করলেও তা কোনো কাজে আসছে না। মেরামতের কয়েকদিন পরই তা আবারো পূর্বাবস্থায় ফিরে যাচ্ছে।
সিলেট জেলা বাস-মিনিবাস মালিক কর্তৃপক্ষ জানান, মহাসড়কের বিভিন্ন স্থান ভেঙে যাচ্ছে। বেশি লোডের গাড়ি চলাচলে সওজ কখনো বাধা না দেয়ায় এ পরিস্থিতির তৈরি হয়েছে।
পরিসংখ্যান মতে, চলতি বছরের সাড়ে ছয় মাসে এ অঞ্চলে অর্ধশতাধিক ছোট বড় সড়ক দুর্ঘটনা হয়েছে। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন অনেক যাত্রী, আহত হয়েছেন শতাধিক।
