ছাত্র ভর্তিকে কেন্দ্র করে কলেজে বহিরাগতদের হামলা

আপডেট : ২০ জুলাই ২০১৪, ২১:২৮
পীরগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করাকে কেন্দ্র করে অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ শিক্ষকদের ওপর হামলা চালিয়েছে বহিরাগত একদল যুবক। এছাড়ও কলেজের দরজা-জানালা ভাংচুর ও উপাধ্যক্ষের মোটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ বাধা দিতে গেলে তাদের উপরও চড়াও হয় হামলাকারীরা। পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ জানায়, পূর্ব ঘোষিত নোটিস অনুযায়ী শনিবার কলেজে একাদশ শ্রেণিতে কিছুসংখ্যক শূন্য আসনে ভর্তির জন্য বোর্ড প্রদত্ত অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হলে কতিপয় যুবক নিয়ম বহির্ভূতভাবে ভর্তির দাবিতে কলেজ কর্তৃপক্ষের উপর চড়াও হয়। কিন্তু কর্তৃপক্ষ অনিয়মতান্ত্রিকভাবে ভর্তিতে রাজি না হওয়ায় তারা অধ্যক্ষ প্রফেসর আব্দুর রহমান, উপাধ্যক্ষ মোঃ মোসলেম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক একরামুল হক, ভর্তি কমিটির আহবায়ক ও সহযোগী অধ্যাপক আব্দুল মতিন ও সহকারী অধ্যাপক বদরুল হুদাসহ শিক্ষক কর্মচারীদের লাঞ্চিত এবং কলেজের প্রশাসনিক ভবন ও বিজ্ঞান ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে। পরে বিজ্ঞান ভবনে থাকা উপাধ্যক্ষ মোঃ মোসলেম-এর মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং আরো কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করা হয়।