চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলা (পূর্ব) ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন মিয়াজীর বিরুদ্ধে বয়স্ক ভাতার কার্ড বিতরণের সময় ৫০০ টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার ইউপি কার্যালয়ে নতুন কার্ড বিতরণের সময় নতুন কার্ডধারীদের কাছ থেকে এ টাকা নেয়া হয়েছে। টাকা না দেয়ায় শুক্রবার ৭ ও ৯নং ওয়ার্ডের ১০ জন ব্যক্তিকে কার্ড দেয়া হয়নি। নতুন ৬৪ জন সদস্যের কাছ থেকে ইউপি চেয়ারম্যান ৫১০ টাকা কেটে রাখা শুরু করলে ইউপি সদস্যরা এর প্রতিবাদ করেন। সদস্যদের অভিযোগ ৬৪ জন বয়স্ক ব্যক্তির কাছ থেকে শুধু ব্যাংকে হিসাব খোলার জন্য ১০ টাকা করে নেয়ার নিয়ম রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কার্ডের তালিকায় অন্তর্ভুক্ত কয়েকজন ব্যক্তি জানান, আমরা টাকা দিতে অস্বীকার করায় চেয়ারম্যান আমাদের কার্ড আটক রাখেন। অবশ্য কয়েক ঘন্টা পরে তার শর্তমতে ৫০০ টাকা দেয়া হলে আমাদের কার্ড দেয়া হয়। ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ওমর ফারুক জানান, টাকা না দেয়ায় আমার ওয়ার্ডের ৫ জন ব্যক্তির হিসাব (একাউন্ট) খুলে চেয়ারম্যান কার্ড রেখে দেন। গত শনিবার টাকা পরিশোধ করে চেয়ারম্যানের কাছ থেকে কার্ড আনেন। চেয়ারম্যান সোহরাব হোসেন মিয়াজী প্রথমে টাকা নেয়ার কথা অস্বীকার করেন। পরে তাদের কাছ থেকে ১০০ টাকা করে নিয়েছেন বলে স্বীকার করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন জানান, বিষয়টি তিনি খোঁজ-খবর নিয়ে দেখছেন।
