বিভিন্নস্থানে পাঁচজন খুন

আপডেট : ২০ জুলাই ২০১৪, ২১:৩০
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় পাঁচজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। সিরাজগঞ্জে পৃথক ঘটনায় দুইজন খুন জেলার তাড়াশ ও বেলকুচি উপজেলায় পৃথক ঘটনায় দুইজন খুন হয়েছেন। উপজেলার জাহাঙ্গিরনগর গ্রামে গত শনিবার রাতে আলতাফ হোসেন (৫০) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও বেলকুচি উপজেলার ধুকুরিয়া গ্রামে একই সময়ে সাদ্দাম হোসেন (২২) নামে এক তাঁত শ্রমিক খুন হন। এ ঘটনায় জাহিদুল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাড়াশ থানার ওসি আতাউর রহমান ও বেলকুচি থানার ওসি আব্দুল হাই সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। শরীয়তপুরে বিধবা খুন শরীয়তপুর সদর উপজেলার চরগাজীপুর গ্রামে গতকাল রবিবার দুপুরে তুচ্ছ ঘটনায় জ্যোস্না রানী (৫৫) নামে এক বিধবাকে বুকে রড ঢুকিয়ে হত্যা করেছে রুবেল মোল্লা নামে এক বখাটে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। সদর থানার (পালং) ওসি মনিরুল ইসলাম বলেন, পুলিশ রুবেল মোল্লাকে আটক করেছে। নবীনগরে মহিলার লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোয়ালী গ্রামের বিল থেকে গতকাল রবিবার জুলেখা বেগম (৩৬) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড । গঙ্গাচড়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদী থেকে গতকাল রবিবার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন জানান, লাশের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে, ৩/৪ দিন আগে তাকে মেরে তিস্তায় ফেলে দেয়া হয়েছে।