নজরুলের শূন্য আসনে দেবর-ভাবীসহ ৪ জনের মনোনয়নপত্র জমা

আপডেট : ২০ জুলাই ২০১৪, ২১:৫০
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২ নং ওয়ার্ডে কাউন্সিলর নজরুল ইসলামের মৃত্যুতে শূন্য ওয়ার্ডের নির্বাচন উপলক্ষে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম, ছোট ভাই আব্দুস সালাম এবং একই এলাকার বাসিন্দা ইকবাল হোসেন ও মাসুদ রানা গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. তারিফুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দিয়ে নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমার স্বামীর অসম্পূর্ণ কাজ সমাপ্ত করার জন্য প্রার্থী হয়েছি। আমি এলাকাবাসীর মন যোগানোর চেষ্টা করবো। আমার নির্বাচন করার সখ ছিল না। আমার স্বামীর লোকজনের মুখের দিকে চেয়ে আমি নির্বাচন করতে রাজি হয়েছি। তারাই আমাকে নির্বাচন করতে বলেছে। আমার দেবরের (নজরুলের ভাই আবদুস সালাম) সাথে মিলে গিয়ে নির্বাচন করা হচ্ছে। মূল বিষয়টা হলো, আমাদের পরিবার থেকে যেন প্রার্থী না ছুটে এজন্য আমরা দু’জনে মনোনয়নপত্র জমা দিয়েছি। মনোনয়ন প্রতাহারের সময় পরিবারের সবাই বসে এক হয়ে যে কোন একজন নির্বাচন করবো। উপ-নির্বাচনের রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান বলেন, ২১ জুলাই দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাছাই অনুষ্ঠিত হবে। প্রার্থীদের প্রত্যাহারের শেষ দিন ৩ আগস্ট। প্রতীক বরাদ্দ দেয়া হবে ৪ আগস্ট। আগামী ২১ আগস্ট উক্ত শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে র্যাব পরিচয়ে অপহরণ করা হয় প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীর বন্দর উপজেলার চর ধলেশ্বরী এলাকা থেকে প্রথমে ৬ জন ও পরদিন ১ জনের লাশ উদ্ধার করা হয়।