শাখাওয়াত হোসেনের হ্যাটট্রিকে নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা জয়ী শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৬-০ গোলে উত্তর বারিধারা ক্লাবকে পরাজিত করে।
এই হারের পর ২৬ খেলায় লিগের দলগুলোর মধ্যে সবচেয়ে কম ১২ পয়েন্ট পাওয়ায় নিচের বিভাগে নেমে যাওয়া নিশ্চিত করলো উত্তর বারিধারার ক্লাবটি। অথচ এই বছরই তারা প্রথমবারের মতো প্রিমিয়ার ফুটবল লিগে খেলতে এসেছিল। লিগে এখন তাদের আর একটি খেলা বাকি।
শেখ জামাল গতকাল রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় একচেটিয়া দাপট দেখায়। তাদের দাপটে অসহায় ছিল বারিধারা। শাখাওয়াত হ্যাটট্রিকসহ চার গোল করেন। পুরো লিগে কেবল দ্বিতীয়বারের মতো শেখ জামালের হয়ে মাঠে নেমেই ৭, ২৪ ও ৮৯ মিনিটে গোলগুলো করেন তিনি। ১৭ ও ৯০ মিনিটে আরো দুই গোল করেন ওয়েডসন। ৭৮ মিনিটে অপর গোলটি দেন তকলিস আহমদ।
শেখ জামাল এই জয়ের ফলে ২৬ খেলায় ৬১ পয়েন্ট পেয়ে শীর্ষে অবস্থান আরো সংহত করলো। সমান খেলায় ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী লিমিটেড। প্রিমিয়ার লিগে দুই ম্যাচ বাকি থাকতেই ট্রফি ঘরে তোলা শেখ জামাল নিজেদের শেষ খেলায় গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়াচক্রের মুখোমুখি হবে।
এদিকে আজ সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪টায় মোহামেডান ক্লাব লিমিটেডের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড।
