ভেজাল পানীয় তৈরি হচ্ছে রাজধানীতেই!

আপডেট : ২০ জুলাই ২০১৪, ২২:৪৪
রাজধানীর উত্তরখানে অভিযান চালিয়ে একটি ভেজাল পানীয় (ড্রিংকস) তৈরির কারখানা সিলগালা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি কারখান?ার মালিককে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল রবিবার উত্তরখানের আটিপাড়া এলাকার এপিএস গার্মেন্টসের পাশে একটি টিনসেড বাড়িতে অভিযান চালিয়ে ‘খান ফুড’ নামে এই নকল কারখানাটির সন্ধান পায় র্যাব। প্রায় ৩০ জন শ্রমিক দ্বারা পরিচালিত কারখানাটি বিএসটিআই কিংবা ড্রাগ এডমিনিস্ট্রেশনের কোনো অনুমোদন ছাড়াই তৈরি করতো টোয়াং অরেঞ্জ ড্রিংক, প্রিয় রেডি টি ও খান টেস্টি স্যালাইন। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা জানান, প্রতিষ্ঠানটি কোনো ধরনের অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন পানীয় তৈরি করছে। টোয়াং নামে অরেঞ্জ ড্রিংকটিতে তারা স্যাকারিন সোডিয়াম বা ঘন চিনি মেশায় যা মানবদেহের জন্য ক্ষতিকর। তিনি বলেন, সিলগালার পাশাপাশি কারখানাটির মালিককে জরিমানা করা হয়েছে। এছাড়া আদালত ঈদের আগে কারখানাটিতে কর্মরত সকল শ্রমিকের বেতন-ভাতা পরিশোধের নির্দেশ দিয়েছে।