তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, আমেরিকার মদদেই গাজায় ইসরাইলি বর্বরতা চলছে। এজন্য নিকৃষ্টতম এ হামলা বন্ধের জন্য মার্কিন রাষ্ট্রদূত ও আমেরিকাকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর জাসদ আয়োজিত ‘প্যালেস্টাইনে গণহত্যা বন্ধ ও সন্ত্রাসী আমেরিকার মদদপুষ্ট দস্যুরাষ্ট্র ইসরাইলকে রুখে দাঁড়াও’ শীর্ষক এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশে অশান্তি সৃষ্টিকারীদের পক্ষ নিয়েও আমেরিকার রাষ্ট্রদূত বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন। এ সময় তিনি বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ না করে ইসরাইলিদের হামলা বন্ধের জন্য আমেরিকাকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, মার্কিনীরা মুক্তিযুদ্ধের সময়েও গণহত্যাকারী পাকিস্তানিদের পক্ষ নিয়ে কথা বলেছিল। কিন্তু তখন তারা সফল হয়নি। তিনি বলেন, ইসরাইলি হামলায় ফিলিস্তিনের গাজায় যেভাবে নারী, বৃদ্ধ, শিশুসহ সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, তা মানবতাবিরোধী অপরাধ। এই মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে শান্তিকামী মানুষকে সোচ্চার হতে হবে।
জাসদ ঢাকা মহানগরের সমন্বয়ক মীর হোসেন আকতারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক নাদের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক করিম শিকদার, মহানগর উত্তরের সভাপতি সলিমুল্লাহ প্রমুখ।
