যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিস, নাসা ও ইউএসএইড-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গতকাল রবিবার সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সাথে সাক্ষাত্ করেছে। সাক্ষাত্কালে মন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে সাগরের উচ্চতা বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অধিক বৃক্ষরোপণ এবং দেশের বন ও পরিবেশ রক্ষায় ফরেস্ট মনিটরিং তথা ন্যাশনাল ফরেস্ট ইনভেন্ট্রির জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা চান। প্রতিনিধিদল সদস্যরা এ ব্যাপারে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।
তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করেন। তারা যুক্তরাষ্ট্র ফরেস্ট সার্ভিস ও এফএও-এর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন “সিলভা কার্বন” প্রজেক্টের কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় ইউএসএইড-এর উপ-পরিচালক কার্ল উর্স্টার, ইউএস ফরেস্ট সার্ভিসের সাশা গটলিব, ওলাফ ক্যুগ্লার, ম্যাট হ্যানসেন এবং নাসার লোলা ফ্যাটোইনবো ও ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের টম ব্র্যান্ডিস, পরিবেশ ও বন সচিব শফিকুর রহমান পাটোয়ারী, প্রধান বন সংরক্ষক মোঃ ইউনুস আলী, ইউএস ফরেস্ট সার্ভিসের লোকাল লিয়াজোঁ ইমরান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
