ইউক্রেনের আকাশের যে স্থানে মালয়েশিয়ার বিমানটি ক্ষেপনাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে সেই স্থান থেকে মাত্র ৯০ সেকেন্ড দূরত্বে ছিল এয়ার ইন্ডিয়ার বিমান। এই ৯০ সেকেন্ডের জন্যই রক্ষা পেয়েছিল বিমানটি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় দাবি করেছিল বিমানটি ওই স্থানের কাছে ছিল না। এটি ঘটনাস্থল থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। কিন্তু এই ২৫ কিলেমিটার যেতে দরকার ছিল মাত্র ৯০ সেকেন্ড। এয়ার ইন্ডিয়ার বিমানটি যখন মালয়েশিয়ার বিমানের কাছে যাচ্ছিল তখন ইউক্রেনের ট্রাফিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পাইলটকে মালয়েশিয়ার বিমানের পাইলটের সঙ্গে যোগাযোগ করতে বলেন। নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছিল, মালয়েশিয়ার বিমানটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও পাইলট কল রিসিভ করছেন না। মালয়েশিয়ার বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে ট্রাফিক কন্ট্রোল থেকে পাইলটকে স্বাভাবিক আকাঁবাকা রাস্তা দিয়ে না গিয়ে সোজা রাস্তায় চলার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। এই বার্তাটি এয়ার ইন্ডিয়া পাইলটও শুনতে পারছিলেন। এরপর যখন মালয়েশিয়ার বিমানটি ধ্বংস হওয়ার খবর শোনেন তখন পাইলট দিক পরিবর্তন করেন। আর এই কারনে বেঁচে যায় এয়ার ইন্ডিয়ার বিমানটি। পরে বিমানের পাইলট ভিন্ন পথে বিমানটি গন্তব্যস্থলের দিকে নিয়ে যান। বিমানটি দিল্লি থেকে বার্মিংহামে যাচ্ছিল।
