জাতিসংঘ আন্ডার সেক্রেটারি কাল ঢাকা আসছেন

আপডেট : ২০ জুলাই ২০১৪, ২২:৫০
জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল হারভি লাসৌস আগামীকাল মঙ্গলবার তিনদিনের সফরে ঢাকা আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে পুনরায় সরকার গঠনের পর এটিই হবে জাতিসংঘের প্রথম কোন উচ্চপর্যায়ের সফর। সফরকালে হারভি লাসৌস রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। এছাড়া তিনি তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করবেন। তার এই সফরটি আর্মস ফোর্স ডিভিশন সমন্বয় করছে। মন্ত্রী জানান, সফরকালে রাজধানীর এক হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠেয় ‘পিস কিপিং ট্রেন্ডস এন্ড চ্যালেঞ্জ’ বিষয়ক সেমিনারে হারভি লাসৌস অংশ নেবেন। এছাড়াও তিনি গাজীপুরের বিপসট পরিদর্শন করবেন এবং শান্তিরক্ষী প্রশিক্ষণ মহড়া দেখবেন। এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ঢাকা সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।