বিমানবন্দরে ৪২ কেজি সোনা উদ্ধার, আটক ৪

আপডেট : ২০ জুলাই ২০১৪, ২২:৫০
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৃথক তিন ঘটনায় প্রায় ৪২ কেজি ওজনের ৩২৮টি সোনার বারসহ চার জনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। উদ্ধার হওয়া সোনার মূল্য ২০ কোটি ৬৬ লাখ টাকা। রবিবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ দুবাই থেকে ব্যাংকক হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা উড়োজাহাজটির শৌচাগারের কমোডের ভেতর থেকে প্রায় ১৬ কোটি টাকা মূল্যের ৩২ কেজি ওজনের ২৭০টি সোনার বার উদ্ধার করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে মোহন আলী ও মোহাম্মদ শরীফ নামে দুই যাত্রীকে আটক করা হয়েছে। এদিকে গোপালগঞ্জের বাসিন্দা আমিরুল ইসলাম মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে শনিবার দিবাগত রাত ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসেন। উড়োজাহাজ থেকে নেমে বিমান বন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় শুল্ক গোয়েন্দারা তার দেহ ও ব্যাগ তল্লাশি করে। এসময় শুল্ক গোয়েন্দারা তার শপিং ব্যাগের ভেতরে কালো কাপড়ে মোড়ানো অবস্থায় চার কেজি ৪শ’ গ্রাম ওজনের ৮টি সোনার বার উদ্ধার করেন। অপরদিকে রাত আড়াইটার দিকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ দুবাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসেন মোহাম্মদ ইকবাল। শুল্ক গোয়েন্দারা চট্টগ্রামের বাসিন্দা মোহাম্মদ ইকবালের ব্যাগ তল্লাশী করে ৫০টি সোনার বার উদ্ধার করেন। যার ওজন পাঁচ কেজি ৮৩ গ্রাম। এ ব্যাপারে কাস্টমসের পক্ষ থেকে বিমান বন্দর থানায় পৃথক সোনা চোরাচালান আইনে মামলা হয়েছে। আটককৃত মোহাম্মদ ইকবাল ও আমিরুল ইসলামকে থানায় সোপর্দ করা হয়েছে।