ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হক (৪৭) হত্যা মামলার প্রধান আসামি মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে মিনার চৌধুরীকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। একইসঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে তাকে বিচারকি আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গতকাল রবিবার এই আদেশ দেন।
গত ২০ মে প্রকাশ্য দিবালোকে ফেনী শহরের একাডেমী সড়কে বিলাসী সিনেমা হলের কাছে একরামুল হককে (৪৭) গাড়ির ভেতরে গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়। এই মামলায় মিনারকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান। গত ১৫ জুলাই হাইকোর্টের দেয়া এই জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের পক্ষে এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম ও মিনারের পক্ষে ব্যারিস্টার রফিক-উল হক শুনানি করেন। সংক্ষিপ্ত শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে দেয়।
