মাথা ঠাণ্ডা রেখে সরকারকে সহযোগিতা করার জন্য বিএনপির প্রতি আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ইস্যুবিহীন আন্দোলন করে নির্বাচিত একটি সরকারকে হঠানো যাবে না। গতকাল রবিবার কাজীপুরের মাইজবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণসভা ও ইফতারপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। কৃষক লীগ নেতা মকবুল হোসেন এবং কলিম উদ্দিনের মৃত্যুতে এই স্মরণ সভার আয়োজন করা হয়।
সভায় তিনি আরো বলেন, অহেতুক আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করা হলে প্রশাসন তা কঠোরভাবে দমন করবে। ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া এবং তার দল সব হারিয়ে এখন আবোল তাবোল বকছেন। সমুদ্র বিজয় নিয়ে বিএনপি’র সমালোচনার জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া দু’বার প্রধানমন্ত্রী ছিলেন। তার স্বামী জিয়াউর রহমান দেশের রাষ্ট্রপতি ছিলেন। কিন্তু তারা ক্ষমতায় থাকার সময়ে এ বিষয়ে কোন ব্যবস্থাই নেননি। বর্তমান সরকার ক্ষমতায় এসে উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সমুদ্রে বাংলাদেশের আধিকার প্রতিষ্ঠা করেছে। মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম মাস্টার।
