বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মহেশখালীর মাঝি মাল্লাসহ তিনটি ফিশিং বোট নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রবিবার পর্যন্ত তিন জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ দুর্ঘটনাটি ঘটে হারির মুখ নামক স্থানে। নিখোঁজ তিন ফিশিং বোটের মালিকরা হলেন-মহেশখালী পৌরসভাস্থ ঘোনা পাড়ার আব্দুল আজিজ, একই এলাকার নাছির উদ্দীন এর মালিকানাধীন এফ.বি তানজিদ, এফ ও পৌরসভাস্থ ফয়েজ উল্লাহ মালিকানাধীন এফ.বি শরাফাত।
ফিশিং বোট মালিক সূত্রে জানা যায়, প্রতিটি বোটে ৮/১০ জন করে জেলে শ্রমিক রয়েছেন। প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে এসব বোটসহ জেলেরা নিখোঁজ হয়। পৌরসভাস্থ ঘোনাপাড়া এলাকার সাব্বির আহম্মদ সুমন, সোনামিয়া ও ফোরকানের লাশ কক্সবাজারের সমুদ্র সৈকতের পৃথক পৃথক স্থান থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকী জেলেরা নিখোঁজ রয়েছেন বলে বোট মালিকরা জানান।
