জেলা বিএনপির ইফতার মাহফিলে দুই গ্রুপের সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আহত হয়েছে ৫ জন। গত শনিবার ইফতারের পর পরই শহরের লোকনাথ ট্যাংকের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
দানবীর লোকনাথ পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় শহরের ৫নং ওয়ার্ড বিএনপির কমিটি নিয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. আজিমের সাথে সাবেক ছাত্রদল নেতা ইমনুনের কথা কাটাকাটি ও বাদানুবাদ হয়। ইফতারের পর এ নিয়ে তাদের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। চেয়ার ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর হামলা চালায়। সংঘর্ষ ছড়িয়ে পড়লে স্থানীয় সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। আতঙ্কে দোকান-পাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা।
জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান জানান, বাইরের একদল যুবকের মধ্যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে শুনেছি। এটি দলীয় ইস্যু নয়।
