সরকারি জিআর প্রকল্পের চাল আত্মসাতের অভিযোগে আগৈলঝাড়ায় এক সরকারি কর্মকর্তাকে পুলিশের কাছে সোপর্দ করেছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও সাবেক চীফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ। গত শনিবার রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হুমায়ুন কবীরকে তিনি পুলিশে সোপর্দ করেন। ওই কর্মকর্তা উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, বৃদ্ধাশ্রমের জন্য সরকারের বরাদ্দকৃত জিআর প্রকল্পের ১৪০ টন চালের মধ্যে মাত্র ১৮ টন বণ্টন করে বাকি চালের পুরোটাই আত্মসাত্ করেন। বিষয়টি জানতে পেরে তাত্ক্ষণিক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ আগৈলঝাড়ার ডাকবাংলোতে অভিযুক্ত কর্মকর্তাসহ অন্যদের ডেকে আনেন। সেখানে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পিআইও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের যোগসাজশে চাল আত্মসাতের কথা স্বীকার করলে তাকে স্থানীয় পুলিশের কাছে সোপর্দ করা হয়।
