মোগলহাট সীমান্ত দিয়ে আসছে নিম্নমানের যন্ত্রাংশ

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২১:১২
জেলা সদরের মোগলহাটে চোরাই পথে আসা ভারতীয় নিম্নমানের সাইকেল, মোটর সাইকেল ও রিকশা গাড়ির পাচা্রের রমরমা ব্যবসা চলছে। সীমান্ত সংলগ্ন এই বাজারটিতে কয়েকটি দোকানে কোটি কোটি টাকার ভারতীয় যন্ত্রাংশ মজুদ করে রেখেছে। ভৌগলিক ও আন্তর্জাতিক ধরলা নদীর কারণে জেলার মোগলহাট সীমান্তের ওপারে ভারত সরকার প্রায় শত কিলোমিটার এলাকায় কাঁটা তারের বেড়া দিতে পারেনি। এছাড়াও ধরলা নদীর উপকূলে, চরে ও দ্বীপ চরে ভারতীয় কয়েক হাজার নাগরিকের বসবাস রয়েছে। এসব ভারতীয় নাগরিক নিত্য প্রয়োজনে সব সময় বাংলাদেশে যাতায়াত করে। তারা তাদের উত্পাদিত কৃষিপণ্য বাংলাদেশের বাজারে বিক্রয় করে। চোরাচালানিরা এই সুযোগটিকে কাজে লাগিয়ে তারা নির্বিঘ্নে অবৈধ চোরাকারবারি করে যাচ্ছে। মোগলহাট কর্ণপুর গ্রামের কৃষক ও স্থানীয় সমাজ সেবক গোলাম মোস্তফা জানান, ভারতীয় চোরাকারবারিতে মোগলহাট এখন যেকোন জায়গার চেয়ে শীর্ষে রয়েছে। এই সীমান্তে সাইকেল, মোটর সাইকেল, রিকশা গাড়ির যন্ত্রাংশ ভারত হতে পাচার হয়ে আসছে। এসব নিম্নমানের যন্ত্রাংশ মোগলহাট বাজারে কয়েকটি ব্যবসায়ীর দোকানে মজুদ হয়ে দেশের বিভিন্ন গন্তব্যে ছড়িয়ে পড়েছে। এতে করে সরকার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। চোরাই পথে যন্ত্রাংশের সঙ্গে আসছে ইয়াবা, ফেন্সিডিল, মদসহ নানা নিষিদ্ধ পণ্য।