সংবাদ সংক্ষেপ

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২১:১২
আড়াইহাজারে নতুন রাস্তা উদ্বোধন গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচবাড়ীয়া এলাকায় গতকাল সোমবার দেড় কিলোমিটার নতুন রাস্তায় উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু প্রধান অতিথি হিসেবে এই রাস্তার উদ্বোধন করেন। এ্ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা গুলশান আরা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, ইউপি চেয়ারম্যান সাহিদা মোশাররফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রইসউদ্দিন মুকুল উপস্থিত ছিলেন। এই কাজটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। কর্নেল তাহের দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সভা চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ কর্ণেল তাহের দিবস উপলক্ষে গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্ণেল তাহের সংসদ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট আবু বাক্কারের সভাপতিত্বে অনুষ্ঠত সভায় বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এমরান ফারুক মাসুম, জাসদ নেতা আজিজুর রহমান, তৌহিদুর রহমান, নিয়ামুল হক, মনিরুজ্জামান মনির প্রমুখ। শহরের সাধারণ পাঠাগারে তাহের সংসদ এই সভার আয়োজন করে। মেহেরপুরে সেভ দি চিলড্রেনের শিক্ষা কার্যক্রমের কর্মশালা মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুরে সেভ দি চিলড্রেন বাস্তবায়িত শিক্ষা কার্যক্রমের ফলাফল অগ্রগতিবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত কর্মশালায় সরকারি কর্মকর্তা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সেভ দি চিলড্রেন মেহেরপুর কার্যালয়ের সিনিয়র অফিসার ফারুক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী ও উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। মতলবে দুই ছিনতাইকারী আটক মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা \ মতলব দক্ষিণ থানা পুলিশ গত রবিবার নান্নু খান ও আবুল বাশার নামে ২ সিএনজি ছিনতাইকারীকে আটক করে। পৌরসভার মুন্সীরহাট বাজার এলাকা থেকে তারা যাত্রীবেশে একটি সিএনজিতে ওঠে সিএনজিটি ছিনতাই করে কচুয়া উপজেলায় নেয়ার পথে মেঘদী এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। ছিনতাইকালে চালক মোঃ আল-আমিন মিয়াজীকে তারা চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, আটককৃত ২ ছিনতাইকারীর বিরুদ্ধে থানায় সিএনজি চালক আলামিন মিয়াজী বাদী হয়ে মামলা দায়ের করেন। তাদের গতকাল সোমবার চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। আটককৃত ২ ছিনতাইকারীর বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সূর্যমনি গ্রামে। ময়মনসিংহে জাসদের সভা ও মিছিল ময়মনসিংহ প্রতিনিধি\ কর্নেল আবু তাহের বীরউত্তমের ৩৮তম তাহের দিবস পালন উপলক্ষে ময়মনসিংহে জেলা জাসদের উদ্যোগে জেলা জাসদ অফিসে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করে। গতকাল সোমবার দুপুরে জাসদ সভাপতি এডভোকেট গিয়াসউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাসদের সম্পাদক এডভোকেট সাদিক হোসেন, যুগ্ম সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম চুন্নু, জাসদ নেতা বাবুল হোসেন, শিব্বির আহম্মেদ লিটন প্রমুখ। জয়পুরহাটে হরিজনদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সভা জয়পুরহাট প্রতিনিধি \ জয়পুরহাটে হরিজনদের ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নের লক্ষে স্থানীয় নেতৃবৃন্দের সাথে হরিজন নেতৃবৃন্দের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হরিজন আন্দোলনের সভাপতি প্রহরলাল বাঁশফোর-এর সভাপতি অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ড্রীম এর প্রকল্প ম্যানেজার শুকলা মুখার্জী, আরকোর শাখা ব্যবস্থাপক মুসফিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। হরিজনদের ক্ষমতায়ন জীবনমান উন্নয়ন এবং মুল স্রোতধারায় প্রবেশাধিকার বৃদ্ধির লক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাঙ্গলকোটে মুক্তিযোদ্ধাদের মাঝে টাকা বিতরণ নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত নগদ টাকা গতকাল সোমবার দুঃস্থ মুক্তিযোদ্ধাদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে টাকা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, পৌর মেয়র মনিরুজ্জামান খান, মুক্তিযোদ্ধা কমান্ডার ইসহাক মিয়া প্রমুখ। ৩৭ জন দুঃস্থ ও অসহায় মুক্তিযোদ্ধার মাঝে এক লক্ষ টাকা বিতরণ করা হয়। জয়দেবপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত গাজীপুর প্রতিনিধি \ গাজীপুরের জয়দেবপুর থানায় গতকাল সোমবার সকালে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সেকেন্ড অফিসার এসআই মো: মাহফুজুর রহমানের সভাপতিত্বে থানা ক্যাম্পাসে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে- তে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো: মুজিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার রমিজ উদ্দন মাষ্টার, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মো: সফর আলী, মহিলা কাউন্সিলর অ্যাডভোকেট আঞ্জুমানারা বেগম, ব্যবসায়ী কাজিম উদ্দিন কাজী, ইসমাইল হেসেন প্রমুখ। মদনে পৃথক সংঘর্ষে ২০ জন আহত মদন (নেত্রকোনা) সংবাদদাতা \ গতকাল সোমবার মদন উপজেলার পৃথক দুটি সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছে। জানা যায়, উপজেলার দক্ষিণ হাসনপুর গ্রামে আনিস হত্যার জের ধরে আবু তালেব ও হবি গ্রুপের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এতে নারীসহ ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে রঙ্গু মিয়ার অবস্থা আংশকাজনক থাকায় তাকে ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করে। আহত আবুল কাসেম, নুর জাহান, কাঞ্চন মিয়া, কুতুব উদ্দিন, একলাছ, আবু সিদ্দিক ও আতাউরকে মদন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। একই দিনে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে উপজেলার জয়পাশা গ্রামে শিবলী মিয়া ও শাহানা খাতুনের গ্রুপের মধ্যে এক সংঘর্ষে নারীসহ ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে শিবলী, সাইদুর, নয়ন ও শাহানা খাতুনকে মদন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। নাচোলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানের সাথে পরিচিতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফিয়া আক্তার রুমি। উপস্থিত ছিলেন, পৌর মেয়র ম. আ মালেক চৌধুরী, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান ও প্রতিমা রানী, অফিসার ইনচার্জ সানাউল হক, কৃষি কর্মকর্তা জাহিদুল হক চৌধুরী, ইসমাইল হক (প্রাণী সম্পদ), আয়নাল হক (মত্স্য), সকল ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মেহেরপুরে ৫ মাস পর পাচার হওয়া শিশু উদ্ধার মেহেরপুর প্রতিনিধি \ পাচার হওয়ার প্রায় ৫ মাস পরে নানীর হেফাজতে ফিরেছে মেহেরপুরের মাতৃহীন প্রতিবন্ধী শিশু হূদয় (১৪)। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মানব উন্নয়ন কেন্দ্রের (মউক) সহযোগিতায় অপরাজিতা বাংলাদেশ-এর বরিশাল সেন্টার হোমের প্রতিনিধিরা গত রবিবার তাকে আনুষ্ঠানিকভাবে তার নানীর কাছে তুলে দেন। মেহেরপুর জেলা শহরের বেড়পাড়ার অটোরিকশা চালক জাকির হোসেনের ছেলে শুভ ওরফে হূদয় শারীরিক প্রতিবন্ধী শিশু। প্রায় ৫ মাস আগে হূদয় শহর থেকে পাচার হয়ে যায়। মউকের মোবাইল হটলাইনের মাধ্যমে সারা দেশে নিখোঁজ হূদয়ের জীবন বৃত্তান্ত ও তথ্য ছড়িয়ে দেয়া হয়। এতে এক সপ্তাহ আগে অপরাজিতা বাংলাদেশ-এর বরিশাল হোম সেন্টার থেকে প্রতিবন্ধী হূদয়ের অবস্থানের প্রাথমিক তথ্য পান মউক। আটঘরিয়ায় চেয়ারম্যানের হাতে মহিলা সদস্য লাঞ্ছিত আটঘরিয়া (পাবনা) সংবাদদাতা\ পাবনার আটঘরিয়ায় এলজিএসপি প্রকল্পের ঘুষ না পেয়ে দেবোত্তর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লার হাতে লাঞ্ছিত হয়েছেন একই ইউনিয়নের ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সেলিনা খাতুন। গত রবিবার বিকেলে উপজেলার সদর দেবোত্তর বাজারে এ ঘটনা ঘটে। ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আকরাম হোসেন জানায়, দেবোত্তর ইউনিয়নের কয়রাবাড়ী স্কুলের পাশে দিয়ে আধাপাকাকরণের জন্য ২০১৩-২০১৪ অর্থবছরে এলজি এসপি প্রকল্পের আওতায় ৯০ হাজার টাকার কাজ পায় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সেলিনা খাতুন। কিন্তু দেবোত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও জামায়াত নেতা আ. মালেক মোল্লা অফিস মেইন্টেনের কথা বলে ২১ হাজার টাকা নিয়ে আত্মসাত্ করেন। পুনরায় রবিবার সেলিনার কাছে টাকা দাবি করে। এই টাকা না দেয়ায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। রংপুরে পুলিশী অভিযানে ৫৬ জন গ্রেফতার রংপুর প্রতিনিধি\ রংপুরে পুলিশী অভিযানে ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসি, মাদক ব্যবসী ও হত্যা মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪৯ বোতল ফেনসিডিল ও ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গত রবিবার মধ্যরাত থেকে গতকাল সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসি, মাদক ব্যবসা, হত্যাসহ জিআর ও সিআর মামলা রয়েছে। সৈয়দপুরে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা\ নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে তিনদিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। গতকাল সোমবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাওয়াদুল হক সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রওনক জাহান রিনু। সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) মোছা. হোমায়রা মন্ডল হিমু, উপজেলা ৩ নম্বর বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার, উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বাসুদেব দাস, সাংবাদিক সাকির হোসেন বাদল প্রমুখ। কেন্দুয়ায় উপজেলা বিএনপির সম্মেলন সম্পন্ন নেত্রকোনা প্রতিনিধি\ অবশেষে সকল কোন্দলের অবসান ঘটিয়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল। গত রবিবার বিকালে কেন্দুয়া উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক মতিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সন্মেলনে এ কমিটি গঠিত হয়। এ উপলক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য আশরাফউদ্দিন খান। সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ড. রফিকুল ইসলাম হিলালী, কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল, জেলা বিএনপি নেতা আব্দুল মান্নান তালুকদার, সাবেক জেলা সম্পাদক আবু তাহের তালুকদার প্রমুখ। ঝিনাইদহে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ভ্রাম্যমাণ প্রতিনিধি \ ঝিনাইদহ সদর উপজেলার গয়েশপুর এলাকায় গত রবিবার রাত ১২টায় অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ টি শাটার গান, ১ রাউন্ড গুলি ও ৬টি রামদা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে সদর উপজেলার গয়েশপুর গ্রামের জাহিদ, সবুজ হোসেন ও কোরাপাড়া গ্রামের বিপ্লব হোসেন। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের পরিদর্শক সোলায়মান আলি মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে গয়েশপুর এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। দুমকিতে লোহার পুল ভেঙ্গে ট্রলার ডুবি দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা \ দুমকি উপজেলার পাংগাশিয়ার ৩০০ ফুট লোহার পুলটি গত রবিবার রাত ৮ টার দিকে বালুর ট্রলারের ধাক্কায় মাঝখান দিয়ে ৩০ ফুট নদীর ভিতরে পড়ে যায়। লোহার পুলের উপরের সিমেন্ট পাথরমিশ্রিত ঢালাই ট্রলারের উপরের পরায় ট্রলারটি তাত্ক্ষণিক ডুবে যায়। পুলটি দিয়ে পাংগাশিয়া ইউনিয়নের চলাচল ছাড়া কোন বিকল্প পথ নেই। পাংগাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ১৩০০০ জনগণের একমাত্র চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। পুলটি দুর্ঘটনার পরে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ট্রলারের মালেক নামের একজনকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও দুমকি থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয় লোকজন নদীতে নৌকা দিয়ে জনসাধারণ পারাপার করছে। আদমদীঘিতে টিইউ স্টার ক্লাবের সেমাই বিতরণ আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার আদমদীঘির তেঁতুলিয়া গ্রামে গতকাল সোমবার সকালে টিইউ স্টার ক্লাবের উদ্যোগে দুঃস্থদের মাঝে সেমাই বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা ক্লাবের সভাপতি সাংবাদিক মুনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্যে রাখেন, আব্দুল মান্নান, নজমুল হামিদ রানা, মুনিরুজ্জামান ডটেল, মহিউদ্দীন রেনু, আতাববর রহমান, নাছিম উদ্দীন, বেলাল হোসেন, মাসুদ প্রমুখ। রাবিতে ছুটি ২৬ জুলাই থেকে ২ আগস্ট রাজশাহী অফিস \ পবিত্র শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে আজ ২২ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস ছুটি থাকবে। অফিস ছুটি থাকবে আগামী ২৬ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কেশবপুরে পাম চাষের গুরুত্ব শীর্ষক সভা কেশবপুর (যশোর) সংবাদদাতা\ কেশবপুরে ভার্মি কম্পোস্ট, কেঁচো জৈব সার উত্পাদন ও ব্যবহার, পামওয়েল চাষের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা গতকাল সোমবার বোটানিকা এগ্রো লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় কুমার দাস। এতে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রভাত মল্লিক, চাষি মনিরুজ্জামান, এনামুল হক,অভি রহমান প্রমুখ। নওগাঁয় আওয়ামী লীগ নেতা ছুরিকাহত নওগাঁ প্রতিনিধি \ নওগাঁ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাকিল আহম্মেদ বাদল সন্ত্রাসীদের দ্বারা ছুরিকাহত হয়েছেন। গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। আহত শাকিল আহম্মেদ বাদল জানান, শহর থেকে সুলতানপুরের বাসায় যাবার পথে পার-নওগাঁ এসআর বাস কাউন্টারের পেছনের পুকুর পাড়ে পৌঁছালে কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। তার চিত্কারে এলাকার লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার ওসি জাকিরুল ইসলাম জানান, তাকে রাতেই উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পটিয়া পৌরসভার বাজেট ঘোষণা পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা\ চট্টগ্রামের প্রথম শ্রেণির পটিয়া পৌরসভায় গতকাল সোমবার পৌরসভার সম্মেলন কক্ষে পৌর অধ্যাপক হারুনুর রশীদ আগামী ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট আনুষ্ঠানিক ঘোষণা করেন। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মোহাম্মদ মহসিন, ওয়ার্ড কাউন্সিলর আবু ছৈয়দ, আমির হোসেন, শফিউল আলম, রুপক সেন, সাইফুল ইসলাম খালেদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর বুলবুল আক্তার, জোসনা আকতার, ফেরদাউস বেগম, গোলাম মোহাম্মদ প্রমুখ। কাহালুতে হেরোইনসহ ১ ব্যক্তি গ্রেফতার কাহালু (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার সান্তাহার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক গত রবিবার সন্ধ্যায় বগুড়া-সান্তাহার সড়কের কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বার মাইল নামক স্থান থেকে ১শ গ্রাম হেরোইনসহ রুবেল (২৮) নামের এক ব্যক্তিকে আটক করে কাহালু থানা পুলিশের নিকট সোপর্দ করেছে। আটক রুবেল রংপুর জেলার কাউনিয়া উপজেলার নতুন বাজার হারাগাছের রফিকুল ইসলামের পুত্র বলে জানা যায়। রুবেলের নিকট উদ্ধার করা হেরোইনের মূল্য আনুমানিক ১০ লাখ টাকা বলে থানা সূত্রে বলা হয়। এ ব্যাপারে কাহালু থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। খোকসায় ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে চুরি খোকসা, কুষ্টিয়া সংবাদদাতা \ কুষ্টিয়ার খোকসায় গোপগ্রাম ইউনিয়ন পরিষদে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার দিবাগত রাতে গোপগ্রাম ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবা কেন্দ্রের দরজা ভেঙ্গে কম্পিউটার, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা, প্রিন্টারসহ সমস্ত মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে গোপগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আহসান শিবলী জানায়, খোকসা থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান সিসির মাধ্যমে সকল চৌকিদার অন্যত্র পাহাড়ায় পাঠানোয় ইউনিয়ন পরিষদ অরক্ষিত ছিল। এ সুযোগে চোরেরা দরজা ভেঙ্গে সমস্ত মালামাল নিয়ে গেছে। এ ব্যাপারে অফিসার ইনচার্জ মতিয়ার রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি সিসির বিষয়ে অস্বীকার করেন। তবে চেয়ারম্যান সাংবাদিকদের কাছে থানার ডিউটি অফিসারের স্বাক্ষরিত সিসির কপি সরবরাহ করেছে। টুঙ্গিপাড়ায় রূপালী ব্যাংকের শাখার উদ্বোধন টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ টুঙ্গিপাড়ায় রূপালী ব্যাংকের ৫৩৩তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার এ শাখার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের মহাব্যবস্থাপক আব্দুল মজিদ শেখ। বক্তব্য রাখেন উপ-মহাব্যবস্থাপক অশোক কুমার সিংহ রায়, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, জাতীয় সমবায় ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মমিনুর রহমান, টুঙ্গিপাড়া পৌর মেয়র মো. ইলিয়াস হোসেন সরদার, টুঙ্গিপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস প্রমুখ। চৌদ্দগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা চৌদ্দগ্রাম (কুমিল¬া) সংবাদদাতা \ কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ২০১৪-১৫ অর্থ বছরের ২০ কোটি ৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র মিজানুর রহমান। এ উপলক্ষে গতকাল সোমবার পৌর কার্যালয়ে সচিব হারুন অর রশিদের পরিচালনায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বাজেট ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিক, পৌর কাউন্সিলর, সুধী, গণমান্য ব্যক্তিবর্গসহ উপজেলা, থানা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত; সমপ্রতি চৌদ্দগ্রাম পৌরসভা ‘খ’ শ্রেণী থেকে ‘ক’ শ্রেণীতে উন্নীত হয়। গৌরীপুরে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও আমাদের সময় প্রতিনিধি মশিউর রহমান কাউছারের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে গত রবিবার প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন ইউএনও দূর-রে-শাহওয়াজ। স্মারকলিপি পূর্ব বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক খায়রুল বাসারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি কমল সরকার, বেগ ফারুক আহাম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, ইকবাল হোসেন জুয়েল, আলী হায়দার রবিন, সাংবাদিক সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, তিলক রায় টুটুল, শেখ বিপ্লব, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মজিবুর রহমান, রাকিবুল ইসলাম রাকিব, তৌহিদুল আমিন তুহিন, সাজ্জাদুর রহমান, মো. সেলিম, নূর-ই-আলম, সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রমুখ। ওসমানীনগরে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ১২ ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা \ সিলেটের ওসমানীনগরে দু-পক্ষের সংঘর্ষে উপজেলার সাদীপুর ইউপির ৩ নং ওয়ার্ড সদস্য আব্দুল হাই (৪৫)সহ দু-পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন। গত রবিবার রাতে উপজেলার পশ্চিম মোবারকপুর গ্রামের দু-পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ ঘটে। খবর পেয়ে পার্শ্ববর্তী গ্রামের লোকজন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আহতদের উদ্ধার করে চিকিত্সার জন্য সিলেট ওসমানী হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করেন। জানা যায়, পশ্চিম মোবারকপুর গ্রামের নুরুল ইসলাম মেম্বারের লোকজন রাত সাড়ে ৭টার দিকে পার্শ্ববর্তী বাড়ির সালেহ আহমদকে বাড়ি যাওয়ার পথে টাকা পয়সা লুটে নিয়ে হামলা করে গুরুতর আহত করে ফেলে যায়। পরে উক্ত ঘটনাকে কেন্দ্র করে রাত সাড়ে ১০টার দিকে আবারও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে সৃষ্টি হলে সংঘর্ষে উভয় পক্ষের কম পক্ষে ১২ জন আহত হন। আহতরা হচ্ছেন ইউপি সদস্য আব্দুল হাই (৪৮),সালেহ আহমদ (৩৫),মাহবুব (১৮),সমছু মিয়া (৪০),জাকরিয়া (২২),মিজান (১৮),আছাবুর রহমান (৬০),আব্দুস সালাম (৫৫),জামাল (১৯),বাতির (৩২),ফখরুল (২০)। নওগাঁ পুলিশ প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল নওগাঁ প্রতিনিধি \ নওগাঁ পুলিশ প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকেলে জেলা পুলিশ লাইনর্সে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সলিম উদ্দীন তরফদার এমপি, জেলা ও দায়রা জজ কামালুজ্জামান, জেলা প্রশাসক এনামুল হক, ডিডিএলজি নজরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ আলাউদ্দীন, পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান, অতিরিক্ত পুলিশ সুপার কফিল উদ্দীনসহ জেলার বিশিষ্ট ব্যবসায়ী, সুধীবুন্দ, ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। বাজিতপুরে হতদরিদ্রদের মাঝে বৃক্ষ চারা বিতরণ কিশোরগঞ্জ প্রতিনিধি \ ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের তাতালচর পল্লী সমাজের উদ্যোগে গতকাল সোমবার অতিদরিদ্রদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের কর্মসূচি সংগঠক সাবিনা ইয়াসমিন, ইউপি সচিব শামসুল ইসলাম, সংরক্ষিত আসনের ইউপি সদস্য শরীফা আক্তার, ইউপি সদস্য আ. আজিজ প্রমুখ। লোহাগড়ায় সফলের নিউট্রেশন পরিচিতি সভা অনুষ্ঠিত লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা \ নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল সোমবার “সফল এর নিউট্রেশন” পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই প্রকল্পের প্রকল্প পরিচালক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোক্তার হোসেন। এতে বক্তব্য রাখেন উপজেলা মত্স্য অফিসার হোসনে আরা হ্যাপি, কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, প্রাণী সম্পদ অফিসার কাজী মোস্তাইন বিল্লাহ, সলিডারিডাড নিউট্রেশন স্পেশালিষ্ট বিভাকর রায়, মোঃ রবিউল ইসলাম প্রমুখ। পবিপ্রবিতে ডা. অসিত পালের বইয়ের মোড়ক উন্মোচন পবিপ্রবি (পটুয়াখালী) সংবাদদাতা \ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে সোমবার PAUL’S HANDBOOK OF SMALL RUMINANT’S MEDICINE (A way of easy learning) নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটি সম্পাদনা করেছেন অনুষদের মেডিসিন ও সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা: অসিত পাল । উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন, আরো উপস্থিত ছিলেন মেডিসিন এন্ড সার্জারি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. মোঃ লালমদ্দিন মোল্লা, সহকারী অধ্যাপক ড. দিব্যেন্দু বিশ্বাস, ফিজিওলজি এন্ড ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা: মিল্টন তালুকদার প্রমুখ। সুনামগঞ্জে পরীক্ষায় বহিষ্কৃত ছাত্রের আত্মহত্যা সুনামগঞ্জ প্রতিনিধি \ প্রিটেস্ট পরীক্ষায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে বহিষ্কার করার পর অভিমানে গলায় ফাঁস দিয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। রবিবার রাত সাড়ে ১০টায় সুনামগঞ্জ সদর হাসপাতালের সরকারি কোয়ার্টারে নিজ বসতঘরে ফ্যানের সঙ্গে ঝুলে ওই কিশোর আত্মহত্যা করে। মিঠুন তালুকদার(১৬) নামের ওই কিশোর সুনামগঞ্জ সিভিল সার্জন অফিসের স্টোর কিপার মধুসূদন তালুকদারের পুত্র। মিঠুনের পরিবার সূত্রে জানা যায়, কিছু দিন আগে দশম শ্রেণির প্রিটেস্ট পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করেন স্কুল শিক্ষক জাকির হোসেন। তাকে বহিষ্কারের পর জানানো হয় আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নিতে দেয়া হবে না। এ ঘটনায় অভিমান করে এই কিশোর রবিবার বসতঘরে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।