চট্টগ্রাম শহরতলীতে মোটর সাইকেল চুরির হিড়িক

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২১:১৫
চট্টগ্রাম শহরতলীতে মোটর সাইকেল চুরির হিড়িক পড়েছে। ঈদকে সামনে রেখে চট্টগ্রামের মহানগরীর কেন্দ্রস্থল ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় মোটর সাইকেল চোরেরা নগরীর প্রান্তবর্তী এলাকায় তাদের তত্পরতা বৃদ্ধি করেছে। গত ১৫ দিনে নগরীর কর্ণফুলী থানাধীন বন্দর এলাকা এবং দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে ৯টি মোটর সাইকেল চুরির অভিযোগ উঠেছে। অবশ্য চুরি হয়ে যাওয়া মোটর সাইকেলগুলোর মধ্যে ১টি উদ্ধার করা সম্ভব হয়েছে। পুরো বৃহত্তর চট্টগ্রামে মোটর সাইকেল চুরির সাথে একটি সংঘবদ্ধ চক্র ওতপ্রোতভাবে জড়িত বলে মনে করা হচ্ছে। আনোয়ারা উপজেলার দুধকুমড়া গ্রাম থেকেই গত ক’দিনে ৪টি মোটর সাইকেল চুরি হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। দুধকুমড়া গ্রামের আবদুল মান্নান জানান, তার চট্রমেট্রো-হ-১৩-৮০১০ নম্বরের মোটর সাইকেলটি চোরেরা তার ঘরের গ্রিল কেটে ঢুকে চুরি করে নিয়ে গেছে। এছাড়া একই গ্রামের মোজাফফর চৌধুরীর চট্রমেট্রো-ট-১৩-১৩২৯, মনজুরুল আলমের চট্রমেট্রো-ল-১২-৪৪০২ এবং এনামুল হকের চট্রমেট্রো-ল-১৩-৯৫০০ নম্বরের মোটর সাইকেল তিনটি চুরি হয়ে গেছে। মোটর সাইকেল মালিকরা থানায় চুরির ঘটনা অবহিত করে সাধারণ ডায়েরি করেছেন। এদিকে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন মোহাম্মদ ইকবাল নামের এক ব্যক্তির মোটর সাইকেল চুরি হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। আনোয়ারা উপজেলার গোগারিয়া গ্রামের ইসমাইল ও ছোটন চৌধুরী নামের দুই ব্যক্তির মোটর সাইকেল চুরি হয়। অবশ্য ইসমাইলেরটি পরে খুঁজে পাওয়া যায়। অপরদিকে আনোয়ারা উপজেলারই আসহাব উদ্দিন এবং আবদুল্লাহপাড়া এলাকার দস্তগীর নামের দুই ব্যক্তির মোটর সাইকেল চুরি যাওয়ারও অভিযোগ এসেছে। বৃহত্তর চট্টগ্রামে গত এক বছর ধরে মোটর সাইকেল চোরদের তত্পরতা বেড়ে যাওয়ার বিষয়টি লক্ষ্য করা গেছে। এই সময়কালে নগরীর কেন্দ্রস্থল থেকে অন্তত দু’জন সংবাদকর্মীর মোটর সাইকেল চুরি যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। পুলিশ ইতিমধ্যে বিভিন্ন অভিযানে চোরাই মোটর সাইকেলসহ চোরচক্রের বেশ কিছু সক্রিয় সদস্যকে গ্রেফতার করার খবরও পাওয়া যায়। গ্রেফতারকৃত চোরেরা পুলিশকে জানায়, মোটর সাইকেল চুরির সময় তারা ২/৩ জন একসাথে তত্পরতা চালায়। ব্যবহার করে এক ধরনের মাস্টার-কি।