দেবর-ভাবীর মনোনয়নপত্র বৈধ

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২১:১৫
নজরুলের শূন্য পদে উপ-নির্বাচন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের মৃত্যুতে শূন্য পদে উপ-নির্বাচনে দাখিলকৃত ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম, ছোট ভাই আব্দুস সালাম, একই এলাকার বাসিন্দা ইকবাল হোসেন এবং মাসুদ রানা। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে সকল প্রার্থীর মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বাছাই শেষে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. তারিফুজ্জামান সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার মো. তকদির আহমেদ। নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. তারিফুজ্জামান বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ডের শূন্য পদের উপ-নির্বাচনে দাখিলকৃত কারো মনোনয়নপত্র বাতিল করা হয়নি। সকলের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। ৩ আগস্ট প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ৪ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ২১ আগস্ট উক্ত শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।