উখিয়ায় বিদ্যুত্ নেই ২ দিন

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২১:১৬
উখিয়ায় ২ দিন ধরে বিদ্যুত্ না থাকায় পল্লী বিদ্যুতের আওতাধীন প্রায় ১২ হাজার গ্রাহককে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোজার দিন এবং ঈদ পূর্ব মুহূর্তে কেনাকাটা নিয়ে ক্রেতা ও বিক্রেতা বিদ্যুত্ সমস্যায় নাকাল হয়ে পড়েছে। পাশাপাশি সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাষিত প্রতিষ্ঠানগুলোতে দাপ্তরিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। উখিয়া উপজেলার জাতীয় ঈমাম সমিতির সভাপতি মাওলানা ক্বারী কামাল উদ্দিন বলেন, বিদ্যুত্ না থাকার কারণে অন্ধকারে সেহেরি খেতে হচ্ছে। মুসল্লিরা মাগরিব ও এশার নামাজ আদায় করছেন অন্ধকারে। তিনি বলেন, কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়া পল্লী বিদ্যুত্ উপর্যুপরি ২ দিন বিদ্যুত্ বন্ধ রেখে অপরাধ করেছে। অধিকাংশ ক্রেতাসাধারণের বসতবাড়ির ফ্রিজে সংরক্ষণ করা মাছ, মাংস, তরি-তরকারি খাবার অনুপযোগী হয়ে পড়ায় প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছে। মালভিটা পাড়া গ্রামের গ্রাহক হাজী আব্দুল মন্নান জানান, ২ দিন ধরে বিদ্যুত্ না থাকার কারণে মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার দায়ভার পল্লী বিদ্যুতের কর্তৃপক্ষকে বহন করতে হবে। গতকাল সোমবার সরকারি অফিস ঘুরে দেখা যায়, দাপ্তরিক কার্যক্রম নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বার বার পল্লী বিদ্যুত্ অফিসের সাথে যোগাযোগ করেও কোন সুরাহা পাচ্ছে না। উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন জানান, কি কারণে বিদ্যুত্ বন্ধ রাখা হয়েছে তাও জানি না। এ ব্যাপারে জানতে চাওয়া হলে পল্লী বিদ্যুতের ডিজিএম নূর হোসেন জানান, বৃষ্টিপাতের সাথে প্রচণ্ড ঝড়োহাওয়ার কারণে বিদ্যুত্ বন্ধ রাখা হয়েছে। স্থানীয় জনসাধারণের অভিযোগ, গতকাল সোমবার সারাদিন কোন বৃষ্টি বা বাতাসের আভাস ছিল না। বৃষ্টি ও বাতাসের অজুহাতে ২ দিন বিদ্যুত্ বন্ধ রাখা ঠিক হয়নি।