হয়রানি ও জরিমানার প্রতিবাদ
কুমিল্লায় অটোবাইক মালিক ও শ্রমিকদের কাছ থেকে জরিমানা আদায় ও হয়রানির প্রতিবাদ জানিয়ে আগামীকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল প্রকার ব্যাটারি চালিত অটোবাইক ও রিকশা বন্ধ রেখে ধর্মঘট আহবান করেছে জেলা অটোবাইক মালিক শ্রমিক ঐক্যপরিষদ। গতকাল সোমবার দুপুরে নগরীর কালিয়াজুরিস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত নিয়েছে।
কুমিল্লা অটোবাইক মালিক শ্রমিক ঐক্যপরিষদের আহবায়ক হাসেম খন্দকার ও অন্য নেতৃবৃন্দ সাংবাদিকদের জানান, জেলায় ব্যাটারি চালিত প্রায় ২৫ হাজার অটোবাইক ও অটোরিকশা রয়েছে। পবিত্র রমজান মাসেও এসব অটোবাইক ও অটোরিকশা আটক করে ৩ দিন রাখার পর প্রতিটির জন্য মালিক/চালক থেকে ১ হাজার টাকা করে জরিমানা আদায়ের মাধ্যমে ছেড়ে দেয়া হয়। এভাবে ধরা-ছাড়ার বাইরেও মালিক-শ্রমিকদের উপর রাস্তায় বিভিন্নভাবে নির্যাতনসহ যন্ত্রাংশ ও কাঁচ ভেঙ্গে বিনষ্ট করে দেয়া হয়। এভাবে ব্যাটারি চালিত অটোবাইক ও অটোরিকশা বন্ধের মাধ্যমে শত শত মালিক-শ্রমিককে বেকার করে তাদের পরিবারকে পথে বসানোর ষড়যন্ত্র করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন। এর প্রতিবাদে আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় ব্যাটারি চালিত অটোবাইক ও অটোরিকশা বন্ধ রাখার ঘোষণা দেয়া হয় এবং এ ধরনের হয়রানি বন্ধ করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেয়া হয়।
এসময় অন্যান্যের মধ্যে ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক শাহ আলম মেম্বার, অ্যাড. মোমেন, অ্যাড. সোহাগ, আবুল ফকির, আবদুল মান্নান, সোহেল প্রমুখ।
