ঈদ যতই ঘনিয়ে আসছে ততই মুখরিত হয়ে উঠছে শাহবাগস্থ আজিজ সুপার কো-অপারিটিভ মার্কেট। তরুণ তরুণীদের চাহিদা মোতাবেক হাল ফ্যাশনের পোশাক সুলভে এই মার্কেটে পাওয়া যায়। বিক্রেতারা বলেন, তারা তরুণ-তরুণীদের পছন্দকে প্রাধান্য দিয়ে ঈদ আয়োজন করেছেন। তাদের যে কোন আধুনিক পোশাকের দাম অন্য যে কোন মার্কেটের চেয়ে কম। তাই শিক্ষার্থীরাসহ একটি বিশেষ শ্রেণির ক্রেতা আছে তাদের।
কেবল সৃজনশীল আড্ডা আর বইয়ের বাজার হিসেবে বিখ্যাত ছিল এই মার্কেটটি। ধীরে ধীরে একটি-দুটি দোকান করে পুরো মার্কেটটিই এখন পরিণত হয়েছে পোশাকের মার্কেটে। আর আজিজ মার্কেটের পোশাক মানেই দেশি কাপড় আর সাধ্যের যুগলবন্দী। এবারও তার ব্যতিক্রম হয়নি। দেশি কাপড়ের তৈরি পোশাকের সমাহার পুরো মার্কেটটিতে। আর দেশি পোশাকের ওপর রংবেরংয়ের ডিজাইন করে ক্রেতা আকৃষ্ট করছে দেশি বুটিক হাউস।
মার্কেট ঘুরে দেখা গেছে, শর্ট-পাঞ্জাবি আর লম্বা কামিজের বেশ কদর ফ্যাশন সচেতন তরুণ-তরুণীদের মাঝে। শর্ট-পাঞ্জাবির পাশাপাশি ফতুয়া আর মার্কেটে পাঞ্জাবির সংমিশ্রণে তৈরি ফতুয়া আর টি-শার্টের ওপর বেশি ঝুঁকছেন তরুণরা। আর তরুণীরা খুঁজছেন দেশি কাপড়ের তৈরি টপস, লম্বা কামিজ, সেমি লম্বা কামিজ আর নানা ডিজাইনের সালোয়ার। আজিজ মার্কেটেও শাড়ির রয়েছে বিশাল সম্ভার। টি-শার্টে বিখ্যাত নিত্য উপহারের পাশাপাশি আছে জনপ্রিয় বুটিক হাউসগুলো। আজিজ সুপারে পাওয়া যাবে বিবিয়ানা, কে-ক্র্যাফ্ট ও দেশালের শোরুম। আজিজ সুপারেই বিখ্যাত মানুষের প্রতিকৃতি দিয়ে টি-শার্ট পাওয়া যায়। যার শুরু নিত্য উপহার থেকেই। সেই ভাবনা থেকেই আজিজ মার্কেটে টি-শার্টে বিপ্লব ঘটে যায়। সেই ধারাবাহিকতায় আস্তে আস্তে অন্যান্য বুটিক হাউসগুলোও অনুসরণ শুরু করে প্রতিকৃতি সম্বলিত টি-শার্ট।
মা-মণি ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী বোরহান উদ্দিন জানান, ১৫ রোজার পরেই তাদের বেচা কেনা ভাল। গত শুক্রবার থেকে ভিড় বাড়ছে। তার দোকান থেকে শিশুর জন্য পাঞ্জাবি কেনা রিনা আক্তার জানান, বাচ্চাদের জন্যও আজিজ সুপার এবছর বাহারি পোশাক এনেছে। তবে দাম বেশ চড়া। দোকান মালিক সমিতির পক্ষে সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ মোঃ মোশাররফ হোসেন বলেন, আমরা অবশ্যই দেশি পণ্য আধুনিক ডিজাইনে সুবিধাজনক দামে বিক্রি করি। আমরা একটা সুপার মার্কেটের সব সুবিধাই ক্রমান্বয়ে আজিজ সুপারে দিতে চাই।
ডিজাইনার, দোকানি ও বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই মার্কেটে শার্ট ৮৫০ থেকে ১০০০ টাকা, শর্ট পাঞ্জাবি ৭০০ থেকে ৩৫০০, টি-শার্ট ২০০ থেকে ৪৫০, লম্বা কামিজ ৭০০ থেকে ১৮০০, টপস ৫৫০ থেকে ২২০০ ও শাড়ি ৯০০ থেকে ৫৫০০ টাকা, এবং পাঞ্জাবি ৬৫০ থেকে ২৫০০ টাকায় মধ্যে পাওয়া যায়।
এছাড়াও আজিজ সুপার মার্কেটের বেইজম্যান্টে রয়েছে দেশের অন্যতম পাইকারি ও খুচরা ব্যাগের বাজার। এখানে লেডিস ব্যাগ, লাগেজ ও স্কুলের ব্যাগ পাওয়া যাবে ২৫০ টাকা থেকে সাড়ে তিন হাজার টাকায়।
