৪০ বছরের মধ্যে আঘাত হানা সবচেয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে চীনের দক্ষিণাঞ্চলে অন্ততপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। রামাসান নামের এই ঘূর্ণিঝড়টির তাণ্ডবে এর আগে ফিলিপাইনে ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি ৯৪ জন নিহত হন। রবিবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, শুক্রবার ঘন্টায় ২০০ কিলোমিটার বাতাসের বেগসহ রামাসান চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হানে। চীনের প্রতিবেশী ভিয়েতনামেও রামাসানের প্রভাবে সোমবার ভারি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। তবে এদিন ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়তে শুরু করেছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। রামাসানের কারণে দক্ষিণ চীনের দুর্গত এলাকাগুলোয় বিমান, রেল ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ওই এলাকার সড়কগুলো ঝড়ে উপড়ে পড়া গাছ ও অন্যান্য উড়ে আসা ধ্বংসস্তূপে ঢেকে আছে, টিভি চ্যানেলগুলোতে প্রচারিত ছবিতে এরকম দৃশ্য দেখা গেছে। হাইনান থেকে অপর একটি সূত্র জানিয়েছে, ঝড়ে দ্বীপটিতে ১৮ জন নিহত হয়েছেন এবং দুই থেকে পাঁচজন নিখোঁজ আছেন।
চীনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১৯৭৩ সালের পর দক্ষিণ চীনের অভিজ্ঞতায় এটিই সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। ওই বছর ঘন্টায় ২৯৫ কিলোমিটার বাতাসের বেগসহ মহাঘূর্ণিঝড় নোরা দক্ষিণ চীনে আঘাত হেনেছিল। এদিকে মাতমো নামের নতুন একটি ঘূর্ণিঝড় ঘন্টায় ১৫০ কিলোমিটার বাতাসের বেগসহ ফিলিপাইনে রামাসানের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকার দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছে দেশটির এক কর্মকর্তা।
