জেমস রড্রিগেজ রিয়ালেই

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২১:৫৭
ছয় কোটি পাউন্ডের বিনিময়ে আগামী ছয় বছরের জন্য রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন ব্রাজিল বিশ্বকাপের সবচেয়ে আলোচিত তারকা জেমস রড্রিগেজ। এ বিষয়ে রিয়াল এখনো আনুষ্ঠানিকভাবে না জানালেও, স্প্যানিশ এবং ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, আগামীকালই এ বিষয়ে মোনাকোর সাথে চুক্তি সেরে ফেলবে রিয়াল। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল তাদের এক প্রতিবেদনে জানায়, কলম্বিয়া থেকে তার বর্তমান আবাসস্থল মোনাকোতে যাবার আগে দু’দিনের জন্য মাদ্রিদে থাকেন রড্রিগেজ। এরপর, গত রবিবারই মোনাকো সমর্থকদের বিদায় অভিবাদন জানাতে সেখানে উড়ে যান তিনি। ধারণা করা হচ্ছে এই মুহূর্তে দক্ষিণ আমেরিকা সফরে থাকা রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ক্লাবে ফেরার পরই ঘোষণা করা হবে চুক্তির বিস্তারিত। উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিশ্বকাপে গোল্ডেন বুট পাওয়া রড্রিগেজকে দলে ভেড়ানোর আগেই বিশ্বকাপের আরেক আলোচিত তারকা টনি ক্রুসকে চুক্তিবদ্ধ করে তারা।