ইংল্যান্ড টেস্ট দলে অধিনায়কের জায়গায় অ্যালিস্টার কুকের স্থলে মিডলসেক্সের ইয়ন মর্গানকে চান দলের সাবেক অধিনায়ক মাইকেল ভন। কুক নিজে গত ২৭ ইনিংসের মধ্যে একটিতেও সেঞ্চুরি হাঁকাতে পারেননি এবং তার নেতৃত্বে গত দশটি টেস্টের একটিতেও জয় পায়নি ইংল্যান্ড। বিবিসিকে ভন বলেছেন, ‘খুব সম্ভবত এটাই তার জন্য সঠিক সিদ্ধান্ত হবে। তাকে ইংল্যান্ডের অধিনায়কত্ব থেকে সরিয়ে নিতে হবে। তার স্থলে মরগানকে নিয়ে আসা যায়। তার চোখে সতেজ একটা ভাব আছে; ভাবভঙ্গীও ভাল। তাকে কুকের জায়গায় আনা হলে খারাপ হবে না।’ নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৩ সালের মে মাসে ক্যারিয়ারের ২৫তম টেস্ট সেঞ্চুরি করেছিলেন কুক। এর মধ্যদিয়ে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হন তিনি; কিন্তু এরপর থেকে তার ব্যাটিং খরা চলছেই।
