ব্রিটিশ ভিসা প্রসেসিং ভারতে স্থানান্তর না করার দাবি

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২২:১৩
বাংলাদেশি আবেদনকারীদের ব্রিটিশ ভিসা প্রসেসিং ঢাকা থেকে ভারতের নয়াদিল্লীতে স্থানান্তর না করার দাবিতে সিলেটে চতুর্থ দিনের মতো গণআবেদন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সহায়তায় নগরীর জিন্দাবাজারে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে আবেদনকারীরা এ ব্যাপারে বাংলাদেশ ও বৃটেন সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানান। তারা বলেন, ব্রিটিশ অর্থনীতি, রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি বিশেষ করে সিলেটীদের অবদান গুরুত্বপূর্ণ। সিলেটের সাধারণ মানুষ দুই দেশের সরকারের কাছে ভিসা প্রসেসিং স্থানান্তরের ব্যাখ্যা জানতে চায় । বর্তমানে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন থেকে বাংলাদেশিদের ভিসা প্রদান করা হয়। এছাড়া ব্রিটিশ হাইকমিশন পরিচালিত একটি কেন্দে র মাধ্যমে সিলেট থেকেও ভিসা আবেদন গ্রহণ করা হয়ে থাকে। কিন্তু আগামী সেপ্টেম্বর থেকে বাংলাদেশিদের ভিসা প্রসেসিং ভারতের নয়াদিল্লীস্থ ব্রিটিশ হাইকমিশনে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সেদেশের সরকার। এ অবস্থায় ব্রিটেন সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সিলেটে আন্দোলনে নেমেছে বিভিন্ন পেশার লোকজনকে নিয়ে গড়ে উঠা ‘ব্রিটিশ-বাংলাদেশ স্বার্থ রক্ষা কমিটি’।