একরাম হত্যা মামলার ২৭ আসামিকে আদালতে হাজির

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২২:১৩
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার ২৭ আসামিকে সোমবার আদালতে হাজির করা হয়। ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের তোলা হলে মামলার মূলনথি উচ্চ আদালতে থাকায় কোন শুনানি না করে বিচারক আগামী ২১ আগস্ট নতুন তারিখ ঘোষণা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এই হত্যা মামলায় আটককৃত ৩১ জন আসামির মধ্যে ইকবাল, আনোয়ার ও আলা উদ্দিন রিমান্ডে রয়েছেন। দুই মাসেও আদেলকে ধরতে পারেনি পুলিশ ছাগলনাইয়া সংবাদদাতা জানান, বহুল আলোচিত একরামুল হক একরাম হত্যাকাণ্ডের দুই মাস পার হয়ে গেলেও হত্যার সঙ্গে জড়িত জাহাঙ্গীর আদেলসহ অনেকেই এখনো অধরাই থেকে গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০ মে ফেনী শহরের জনাকীর্ণ সড়কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও গুলি করে হত্যার পর পুড়িয়ে ফেলা হয় একরামসহ তাকে বহনকারী গাড়িটি। এ ঘটনায় একে একে গ্রেফতার হয় নিজদলীয় ৩০ নেতাকর্মী। গ্রেফতারকৃতরা ১৬৪ ধারায় জবানবন্দিতে কিলিং মিশনের পরিকল্পনাকারী হিসেবে আদেলের নাম প্রকাশ করে। তারা জানায়, ঘটনার দিন তিনি মোটর সাইকেলে ঘুরে নৃশংস এ হত্যাযজ্ঞের তদারকী করেন। একরাম সমর্থক ও তার ঘনিষ্ঠজনরা অভিযোগ করেন, গ্রেফতারকৃতরা অনেকের নাম প্রকাশ করলেও পুলিশ ঘটনার দুই মাসেও তাদের গ্রেফতার করতে পারেনি। কারণ পুলিশের সঙ্গে তাদের দীর্ঘদিনের সখ্যতা রয়েছে। এই হত্যাকাণ্ডের মূল গডফাদারদের ধরতে হলে নারায়ণগঞ্জের মতো ফেনীতেও পুরো প্রশাসনে রদবদল করতে হবে। মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। ইতিমধ্যে গ্রেফতারকৃতদের মধ্যে ১৭ জনের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে।