খালেদার মিস করা ট্রেন ’১৯ সালের আগে আর আসবে না :নাসিম

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২২:৫৮
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া পাঁচ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে যে ট্রেন মিস করেছেন সেই ট্রেন আর ২০১৯ সালের আগে আসবে না। গতকাল সোমবার সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে অসাংবিধানিক শক্তি ক্ষমতা দখল করতো। এই দেশে থাইল্যান্ডের মতো পরিস্থিতির সৃষ্টি হতো। এতে অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে কষ্টার্জিত গণতন্ত্র ধ্বংস হয়ে যেত। ২০১৯ সালের আগে দেশে আর কোন নির্বাচন হবে না। সেই নির্বাচনও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। এর কোন বিকল্প নেই। মোহাম্মদ নাসিম বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করে ভবিষ্যতে কেউ দেশে কোন ধরনের ধ্বংসাত্মক কাজ ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করলে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে। জনগণের স্বার্থেই সরকার এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। তিনি বিএনপিকে সন্ত্রাস ও নৈরাজ্যের পথ পরিহার করে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক রাজনীতির পথে ফিরে আসার আহ্বান জানান। বর্তমান সরকারের বিদ্যুত্, কৃষি ও শিক্ষা ক্ষেত্রের অগ্রগতির বিবরণ তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধু কন্যার সাহসিকতায় আন্তর্জাতিক আদালতে আইনী লড়াই করে মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্র নিয়ে বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির পর বাংলাদেশ বিশাল সমুদ্র অঞ্চল জয় করেছে। বিশাল এ সাফল্য অর্জনের পরও শুধু হীনমন্যতার কারণে বিএনপি নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সম্পর্কে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। অথচ তারা দীর্ঘদিন ক্ষমতায় থেকেও তালপট্টিতে বাংলাদেশের মালিকানা প্রতিষ্ঠিত করতে পারেনি। বরং মানচিত্র থেকে তালপট্টির অস্তিত্বই মুছে ফেলেছিল। এখন তারাই তালপট্টি নিয়ে কুম্ভিরাশ্রু বর্ষণ করছে। কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, বেগম জিয়া সব হারিয়ে দিকভ্রান্ত হয়ে এখন আবোল তাবোল প্রলাপ বকছেন। তার এই ভুল শোধরানোর বিন্দুমাত্র চেষ্টা না করে তিনি এখনও ষড়যন্ত্রের পথে হাঁটছেন। তার দলের নেতা-কর্মীরাও এখন হতাশ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কেএম হোসেন আলী হাসান। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া, মোস্তফা কামাল খান, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, হাজী ইসহাক আলী, আব্দুস সাত্তার শিকদার, দানিউল হক দানী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে মোহাম্মদ নাসিম কাজীপুর থেকে সিরাজগঞ্জ আসার পথে পিপুলবাড়িয়ায় শহীদ মনসুর আলী সড়কের উন্নয়ন কাজ এবং শিয়ালকোলে প্রস্তাবিত শহীদ মনসুর আলী সরকারি মেডিক্যাল কলেজের স্থান পরিদর্শন করেন।