বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সাভারের তিনটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে।গতকাল সোমবার সাভার বাজার বাসষ্ট্যাড এলাকায় এডম এ্যাপারেলস, এসএম সোয়েটার ও আশুলিয়ার গাজিরচট এলাকায় অবস্থিত এনডি এ্যাপারেলস পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করে।
পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, সাভার বাজার বাসষ্ট্যান্ডে চৌরঙ্গী সুপার মার্কেটের ৩য় ও ৪র্থ তলায় অবস্থিত এডম এ্যাপারেলস ও জহির টাওয়ারে অবস্থিত এসএম সোয়েটার কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ দিয়ে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু করে।পরে তারা কারখানার ভিতরে কর্মবিরতি পালন করে।
একই দাবিতে আশুলিয়ার গাজিরচট এলাকায় অবস্থিত এনডি এ্যাপারেলস পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে। দাবি আদায়ের লক্ষ্যে গত কয়েকদিন ধরেই শ্রমিকরা কারখানায় বিক্ষোভসহ কর্মবিরতি পালন করে আসছে।
