বেকুটিয়া ফেরিঘাটে ২টি ট্রাক সড়কের খাদে আটকা

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২৩:০০
জেলায় কাউখালীর সন্ধ্যা নদীতে বেকুটিয়া ফেরিঘাটের গ্যাংওয়ের সড়কে ২টি পণ্যবাহী ট্রাক খাদে আটকা পড়ায় গতকাল সোমবার রাত ৮টা পর্যন্ত যানবাহন পারাপার বন্ধ হয়ে পড়েছে। এতে খুলনা-বরিশাল-পিরোজপুর মহাসড়কের ১০টি রুটের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফেরিঘাটের গ্যাংওয়ের সড়কের উপর গত রবিবার রাতে পণ্যবাহী ২টি ট্রাক আটকে পড়লে যানবাহন পারাপার বন্ধ হয়ে যায়। এতে ফেরিঘাটের ২ পাড়ে শত শত যানবাহন আটকা পড়ে। এ ঘটনায় ঈদে ঘরমুখী যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন। বেকুটিয়া ফেরী ঘাটের ইজারাদার আজমীর হোসেন জানান, রবিবার রাত ১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক ফেরিঘাট দিয়ে গ্যাংওয়েতে উঠতে গেলে খানাখন্দ সড়কে চাকা আটকে পড়ে। এরপর অন্য আর একটি পণ্যবাহী ট্রাক পাশ দিয়ে যাওয়ার সময় গাড়ির চাকা মাটিতে দেবে গেলে ২টি ট্রাকই সেখানে আটকে যায়। এতে ফেরি চলাচল বন্ধ থাকে। দেবে যাওয়া ট্রাক ২টি অপসারণে এলাকাবাসী দিনভর চেষ্টা চালিয়েও ফেরি চলাচল স্বাভাবিক করতে পারেনি।