ভারতে পালিয়ে না এলে ওরা আমাকে মেরে ফেলত

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২৩:০৯
ঈদের আগে কলকাতায় আসছেন নূর হোসেনের পরিবার। তারপর পশ্চিমবঙ্গের বারাসত আদালতে তার জামিনের আবেদন করা হবে। গতকাল সোমবার পুলিশ প্রিজন ভ্যান থেকে আদালতে নেয়ার আগে সাংবাদিকদের একথা বলেছেন নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন। পাশাপাশি তিনি এও বলেছেন, ভারতে পালিয়ে না এলে ওরা তাকে মেরে ফেলত। এদিকে নূর ও তার দুই সহযোগীকে আদালতে হাজির করা হলে ফের তাদের ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক মধুমিতা রায়। আদালতে তোলার আগে নূর হোসেন দাবি করেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক চার্জশিট দেয়া হচ্ছে। তিনি খুন করাননি। তিনি বলেন, যাদেরকে ছয় কোটি টাকা দেয়া হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করলেই বেরিয়ে আসবে আসলে কার সঙ্গে তাদের লেনদেন হয়েছে, কারা খুন করিয়েছে। নূর হোসেন বলেন, আমার কোষাধ্যক্ষ বলে যাকে ধরা হয়েছে সে আসলে আমার সাধারণ এক কর্মী। আমার বিরুদ্ধে চার্জশিট দেয়ার আগে এসব দেখা হোক। দমদম জেলে ১৪ দিনের হাজতবাসের পর দুই সহযোগীসহ গতকাল দুপুরে তাকে উত্তর চব্বিশ পরগনা জেলা ও দায়রা জজ আদালতে নিয়ে আসা হয়। সকালে দমদম কেন্দ্রীয় কারাগার থেকে নূর হোসেন, খান সুমন ও ওহিদুজ্জামানকে নিয়ে কড়া নিরাপত্তায় আদালতের উদ্দেশে রওনা দেয় পুলিশ। নূর হোসেনের হয়ে কোন আইনজীবী গতকালও আদালতে আইনি লড়াইয়ে অংশ নেননি।