তোমাদের জন্য লেখা

আপডেট : ২২ জুলাই ২০১৪, ১৯:৪৩
‘শখের ঘুড়ি’ শাহজাহান মোহাম্মদের লেখা একখানা ছড়ার বই। ছোটদের জন্য তাঁর প্রকাশিত শিশু-কিশোর ছড়ার বই। ‘মেঘগুড়গুড়’ ও ‘ঝুনঝুনি’ শীর্ষক দুটি ছড়ার বই অনেকের দৃষ্টি কেড়েছে। গ্রাম্য বালকের খেলার অন্যতম প্রধান অনুষঙ্গ ঘুড়ি দিয়েই বইটির নামকরণ হলেও লেখক অন্য ছড়াগুলোতে আকর্ষণীয় ও লোভনীয় মুগ্ধতার ছাপ ফুটিয়ে তুলেছেন। ছড়াগুলোয় গ্রাম-বাংলার কৃষক, মমতাময়ী মা, নোবেল জয়ী রবিঠাকুর, দেশপ্রেম, বর্ণিল ষড়ঋতু, ধর্মীয় উত্সব, প্রকৃতি ও প্রাণীদের নিটোল বর্ণনা রয়েছে। বাংলার ষড়ঋতু নিয়ে যে ছড়াগুলো রয়েছে সেখানে প্রত্যেকটি ঋতুর নিজস্ব রূপ ও ভঙ্গিমা লেখক সুন্দরভাবে এঁকেছেন। আরো এঁকেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথকে, গ্রাম-বাংলার খাদ্য যোগানের আধার কৃষক ও মমতাময়ী মাকে। বাংলাভাষা ও ভাষা শহীদদের স্মৃতির মিনারও ফুটে উঠেছে ছড়াগুলোতে। এছাড়া পাঠশালার মহান গুরুর উপদেশমালা, মুক্তিযুদ্ধ, প্রকৃতি ও রূপকথাও বাদ পড়েনি। এই বইয়ের ‘শুধুই ফ্রেমের ছবি’ শীর্ষক ছড়াটি খুবই সুন্দর। শাহজাহান মোহাম্মদ লিখেছেন: কোথায় আমার সবুজ গ্রাম কোথায় পালা গান? কোথায় গেল ঢেঁকি ছাঁটাই আউশ চালের ঘ্রাণ। কোথায় আমার সবুজ গ্রাম কোথায় রাখাল বাঁশি? কোথায় গেল কামার-কুমোর পায় না মাটি চাষি। এখন আমার সবুজ গ্রাম শুধুই ফ্রেমে ছবি স্মৃতি নিয়ে মনের ব্যথায় বুকে জ্বলে রবি। শখের ঘুড়ি বইটি পড়ে ছোটরা আমোদিত হবে বলে আশা করা যায়। বইটির প্রচ্ছদ ও অলংকরণ বিমানেশ চন্দ্র বিশ্বাসের। প্রকাশিত হয়েছে ঢাকার লোকাল প্রেস থেকে। মূল্য একশ’ টাকা। তানিয়া আকতার