আমি একটা গরিব ছেলে, বাপ -মা গেছে মরে
একটা ছোট বোন আছে সে ফুল বিক্রি করে
আমার পেশা মিস্তিগিরি সকাল হলেই ছুট...
ফেরার সময় বোনের জন্য আনি বাদাম-বুট।
পরিশ্রমে সারাটা গা ওঠে ভীষণ ঘেমে—
দিনের শেষে পা চলে না ক্লান্তি আসে নেমে।
আগারগাঁওয়ের বস্তিপাড়ার ছোট্ট একটা ঘরে-
আমি এবং বোনটি আমার থাকি কষ্ট করে।
নতুন জামা, রঙিন ফিতা, ঝিনুক-পুঁতির হার-
বোনের জন্যে এবার আমার ঈদের উপহার।
আমার জন্য বোন কিনেছে পাঞ্জাবি আর সু...
আমরা দু’জন করবো ঈদ আগামী পরশু।
আজ গেলে কাল, তারপরে ঈদ, কী মজারে ঈশ...
বস্তিবাসী বন্ধু তোদের ঈদের শুভাশিস।
