অপহরণের ১২ ঘণ্টার মধ্যে রামগঞ্জে ২ স্কুলছাত্রী উদ্ধার

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২১:২২
অপহরণের ১২ ঘন্টার মধ্যে অপহূত ২ স্কুল ছাত্রীকে রামগঞ্জ উপজেলার জগতপুর গ্রামের নাপিত বাড়ি থেকে সোমবার রাত সাড়ে ১০টায় উদ্ধার করে রামগঞ্জ থানা পুলিশ। এ সময় ৩ অপহরণকারীকে আটক করে পুলিশ। আটকরা হলো উপজেলার কাশিমনগর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মনির হোসেন, মৃত হাফেজ সৈয়দ আহম্মদের ছেলে আবদুল মাজেদ এবং হোসেন আহম্মদের ছেলে কবির হোসেন। অপহূত ২ স্কুল ছাত্রী লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ হাই স্কুলের ১০ শ্রেণীর ছাত্রী। পুলিশ ও অপহূতের স্বজনরা জানান, সোমবার সকাল ১০টায় ডাক্তার দেখাতে ভবানীগঞ্জ থেকে লক্ষ্মীপুর শহরের উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিক্সায় রওয়ানা দেয় ঐ দুই ছাত্রী। পথিমধ্যে যাত্রীবেশী অপহরণকারী চক্র তাদেরকে অস্ত্রের মুখে অপহরণ করে রামগঞ্জ উপজেলার জগতপুর গ্রামের নাপিত বাড়িতে এনে জিম্মি করে রাখে। পরে মুঠোফোনে ২ স্কুল ছাত্রীর বাবা মায়ের কাছে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে তাদেরকে টাকা নিয়ে রামগঞ্জের পানপাড়া বাজারে আসতে বলে। সন্ধ্যায় অপহূতের স্বজনরা পানপাড়া বাজারে পৌঁছে দাবিকৃত টাকা পরিশোধের একপর্যায়ে ২ অপহরণকারীকে জাপটে ধরে চিত্কার দিলে স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অপহরণকারীর স্বীকারোক্তি অনুযায়ী অপহূত ২ স্কুল ছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় রামগঞ্জ থানায় মামলা হয়েছে।