পাচারকারীকে থানা থেকে ছেড়ে দেয়ার অভিযোগ

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২১:৫৪
শনিবার পাচারের সময় মহেশপুর উপজেলার হাবাসপুর গ্রাম থেকে দুই ভিকটিম উদ্ধার ও মহিলা সহ দুই পাচারকারী আটক করে মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে ভারতে পাচারের উদ্দেশ্য ঢাকা থেকে নাজমা খাতুন (১৮) ও কোটচাঁদপুর থেকে সুমা খাতুন (১৮) কে হাবাসপুর গ্রামের শাহ আলমের বাড়ি থেকে উদ্ধার করা হয়। এ সময় শাহ আলম ও তার স্ত্রী জুলেখা খাতুন(২০)কে এএসআই জীবন কুমার দাস আটক করে থানায় নিয়ে আসে। পরদিন দেনদরবারের পর ভিকটিদেরকে আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয় এবং পাচারকারীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দেয়া হয়। মসিয়ার নামে এক দালালের মাধ্যমে এই লেনদেন করা হয়েছে। এ বিষয়ে এএসআই জীবন কুমার দাসের সাথে যোগাযোগ করলে তিনি বলেন যা কিছু হয়েছে সব ওসি সাহেব করেছেন। ওসি শাহাজান আলি জানায় ভিকটিমদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং প্রকৃত পাচারকারীদের আটকের চেষ্টা করা হচ্ছে।