শিবালয়ে পাখি শিকারের দায়ে জরিমানা
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ শিবালয়ে বন্দুকের গুলিতে অবৈধভাবে পাখি শিকারের অভিযোগে ইয়াসিন (২২) নামে এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গালিভ খাঁন এ জরিমানা করেন। জানা গেছে, শিবালয় উপজেলার আরিচা ঘাটের বাসিন্দা ব্যবসায়ী তসলিম উদ্দিনের পুত্র ইয়াসিন স্থানীয় বোয়ালী চকে গুলি চালিয়ে ৬টি সারস পাখি মারে। বিষয়টি জানাজানি ও পত্রিকায় রিপোর্ট প্রকাশ হয়। মানিকগঞ্জ পুলিশ সুপার বিধান ত্রিপুরার নির্দেশে শিবালয় থান পুলিশ ইয়াসিনকে আটক করে। গত সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন।
আমতলীতে ইয়াবা সেবনকারী দুই যুবকের কারাদণ্ড
আমতলী (বরগুনা) সংবাদদাতা \ আমতলীতে ইয়াবা বড়ি সেবন করে মাতলামি করার দায়ে সজীব (২২) ও ইমাম হোসেন (২১) নামের দুই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ ওরাঁউ। আমতলী থানার এসআই মেহেদী হাসান জানান, গত সোমবার ভোররাতে ইয়াবা বড়ি খেয়ে আমতলী নতুন বাজার বাঁধঘাট মাছবাজার সংলগ্ন একটি রিকশার গ্যারেজে বসে মাতলামি করার সময় সজীব ও ইমাম হোসেনকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
কালিয়াকৈরে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের কমিটি গঠন
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন আওয়ামী বঙ্গবন্ধু স্মৃতি সংসদের কমিটি গঠন উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পল্লীবিদ্যুত্ এলাকায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কালিয়াকৈর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা সরকার মোশারফ হোসেন জয়। বক্তব্য রাখেন আব্দুল ওহাব মিয়া, আইয়ুব হোসেন মন্ডল, জসিম উদ্দিন ইকবাল, এবি সিদ্দিক বাবু, হেলাল উদ্দিন, বাবু মিয়া, আরিফ হোসেন, সুজন মিয়া, ইব্রাহীম খলিল, হেলাল মিয়া, সুজন আহম্মেদ, ফারুক হোসেন প্রমুখ।
ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ ধামরাই উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে গত সোমবার বিকালে উপজেলার ইসলামপুর সবুজ সংঘ ক্লাব প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ঢাকা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক সাংসদ সুলতানা আহমেদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ব্যারিস্টার জিয়াউর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু তাহের মুকুট, উপজেলা যুবদলের সভাপতি ওয়ালিদ খান প্রমুখ।
মহেশপুরে বাজেট প্রণয়ণ বিষয়ক কর্মশালা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার মহেশপুর উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী পরিকল্পনা ও বাজেট বই প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান ময়েজউদ্দীন হামিদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নবী নেওয়াজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কার্যালয়ের উপসচিব সুভাস চন্দ্র সাহা। কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী সচিব গিয়াস উদ্দীন। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাছিমা খাতুন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। কর্মশালায় আগামী ৫বছরের মহেশপুর উপজেলার কর্মপরিকল্পনা ও বাজেট বই তৈরি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ফুলবাড়িতে বৃক্ষরোপণ উত্সব পালন
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুরের ফুলবাড়ি এডিপি’র সহযোগিতায় এবং বেসিক সংস্থার ব্যবস্থাপনায় গতকাল মঙ্গলবার বৃক্ষরোপণ উত্সব পালন করা হয়। বৃক্ষরোপণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাছরাঙা উন্নয়ন দলের সভানেত্রী সখিনা বেগম। এতে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, শিক্ষিকা বেবী মনোয়ারা সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম নাসিম, বেসিক সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার, ওয়ার্ল্ড ভিশন সংস্থার অরবিন্দ রায়, পল্লবী মুরমু, মাহমুদ হাসান প্রমুখ।
ভাঙ্গুড়ায় ক্যান্সার আক্রান্তদের জন্য অনুদান প্রদান
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা\ভাঙ্গুড়ায় ক্যান্সার আক্রান্তদের চিকিত্সার জন্য পাবনা-৩ এলাকার সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ ফান্ড থেকে প্রাপ্ত ১ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন। উপজেলার এস,আর পাড়া মহল্লার বেল্লাল হোসেন ও দক্ষিণ সারুটিয়া মহল্লার মনিরা পারভীন ৫০ হাজার টাকার দুটি চেক গ্রহণ করেন। এসময় আলহাজ্ব আমিরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রমজান আলী ও ছাত্রলীগের সভাপতি হাসান মোঃ আরিফ উপস্থিত ছিলেন।
আদমদীঘিতে ফেনসিডিল বিক্রেতাসহ গ্রেফতার ৩
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার আদমদীঘিতে ৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ বিক্রেতা ও আদালতের ওয়ারেন্টমূলে পুলিশ ৩ জনকে গ্রেফতার করে গতকাল মঙ্গলবার আদালতে প্রেরণ করেছেন। পুলিশ জানায়, আদমদীঘির সান্তাহার কলসা এলাকার আব্দুল মজিদ ওরফে কানা বাবু ৫ বোতল ফেনসিডিল নিজ হেফাজতে রেখে বিক্রির উদ্দেশ্যে বহনের সময় ফাঁড়ি পুলিশ সান্তাহার মালগুদাম এলাকা থেকে ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করেন। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। অপরদিকে আদালতের ওয়ারেন্টমূলে থানা পুলিশ উপজেলার বিহিগ্রাম এলাকার হাফিজ আল আসাদ ও কড়ই গ্রামের এমদাদুল হককে গ্রেফতার করেন।
সাতক্ষীরায় হাজার বোতল ফেনসিডিলসহ ২ জন আটক
সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরায় চাল বহনকারী কাভার্ড ভ্যান থেকে আমদানি নিষিদ্ধ এক হাজার বোতল ফেনসিডিলসহ বরগুনার দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার ভোর রাত ১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থল বন্দর সড়কের আলিপুর চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলো, বরগুনা জেলার লতাবাড়িয়ার বাদশা মৃধা (৩০) ও একই জেলার বেতাগির রাজু হোসেন (১৮)। পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা ও উপ-পরিদর্শক (এসআই) আবুজার জানান, সীমান্ত এলাকা থেকে একটি বড় ধরনের ফেন্সিডিলের চালান ঢাকায় যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা- ভোমরা স্থলবন্দর সড়কের আলীপুর নামক স্থানে চাল বহনকারী একটি কাভার্ড ভ্যান (চট্টগ্রাম মেট্র-ট ১১-৪৪৭২) তল্লাশি চালানো হয়।
ইসলামপুরে জাসদ এর আলোচনা সভা
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের ইসলামপুরে উপজেলা জাসদ-এর উদ্যোগে মহারানী বাসভবন দোতলায় অস্থায়ী কার্যালয়ে ৩৮তম কর্নেল তাহের (বীর উত্তম) দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় জাসদ সভাপতি কমরেড লুত্ফর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড মোজাহারুল হক। স্থানীয় জাসদ সাধারণ সম্পাদক রুহুল আমিন হারুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সালেহুর রহমান গেদা মিয়া,সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান বাদল,মহিলা নেত্রী মিস মিতানুর প্রমুখ। এ সময় উপজেলা কৃষক লীগ সভাপতি তছির উদ্দিন, সেক্রেটারী ইউসুফ আলী সরদার, সিপিবি সভাপতি রফিকুল ইসলাম, ইত্তেফাক সাংবাদিক এম. শফিকুল ইসলাম ফারুকসহ সুধীগণ উপস্থিত ছিলেন।
চৌদ্দগ্রামে ছাত্রদলের মিলনমেলা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা\ কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াবাজারে ছাত্রদলের নেতাকর্মীদের মিলনমেলা ও ইফতার মাহফিল গত সোমবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রদল সভাপতি তোফায়েল হোসেন জুয়েল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা তৃণমূল দল সেক্রেটারী আকতারুজ্জামান বাবুল, সাংগঠনিক সম্পাদক মির্জা হিরণ, তারেক পরিষদের সভাপতি হাসান, ছাত্রদল সেক্রেটারী আমিনুল ইসলাম ছুট্টু, সহ-সভাপতি মাঈন উদ্দিন ও মুন্সিরহাট ইউনিয়ন বিএনপি সেক্রেটারী আবদুর রাজ্জাক প্রমুখ।
নাচোলে বাজেট প্রণয়ন বিষয়ক কর্মশালা
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা\ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গতকাল মঙ্গলবার উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) পরিকল্পনা ও বাজেট বই প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে। এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম, পরিচালক, স্থানীয় সরকার, রাজশাহী বিভাগ। উপজেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফিয়া আক্তার রুমি, এবি রফিকুল ইসলাম (ইউএনডিপি) আশরাফুল ইসলাম জেলা উপ-পরিচালক ইউজেডজিপি, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান ও প্রতিমা রানী, অধ্যক্ষ ওবাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, স্কুল মাদ্রাসার প্রধানগণসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
রামুর খরুলিয়ায় সন্ত্রাসী আটক
রামু (কক্সবাজার) সংবাদদাতা\ কক্সবাজারের খরুলিয়া বাজারে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট লিয়াকত বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সন্ত্রাসী রাজা মিয়া (২২) কে আটক করেছে মডেল থানার পুলিশ। জানা গেছে গত সোমবার রাত ৯টার দিকে তাকে আটক করে। সে খরুলিয়া বাজার এলাকার ইউসুফ আলীর ছেলে। কক্সবাজার মডেল থানার এস আই ফজলুল হক পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন এবং তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে বলে তিনি জানান।
কয়রায় এলজিএসপি-২ এর প্রশিক্ষণ কর্মশালা
কয়রা (খুলনা) সংবাদদাতা\ কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে এলজিএসপি-২ এর আওতায় ইউনিয়ন ওয়ার্ড কমিটি ও স্কীম সুপারভিশন কমিটির সদস্যদের মাঝে প্রশিক্ষণ দেয়া হয়। উপজেলার ৭টি ইউনিয়নের কমিটির সদস্যরা প্রশিক্ষণে অংশগ্রহণ করে। গত ১৮ই জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হাসান। এ সময় ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার মোঃ রবিউল ইসলাম, শিক্ষা অফিসার মোঃ আকবার হোসেন, উপজেলা প্রকৌশলী বাবুল কুমার দেবনাথ, রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর কৃপাচার্য মন্ডল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়।
পূর্বধলায় মসজিদ মন্দির ও অসহায় পরিবারের অর্থ প্রদান
নেত্রকোনা প্রতিনিধি\ নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মসজিদ, মন্দির ও অসহায় পরিবারের মাঝে ১ লাখ ৩৫ হাজার টাকা অনুদান হিসাবে বিতরণ করা হয়েছে। গত সোমবার স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক তার ঐচ্ছিক তহবিল থেকে এ সমস্ত টাকা বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তৃতা করেন ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক এমপি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউনুস আলী মন্ডল, যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন বকুল, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চিত্রা খানম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম লুত্ফা, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার গিয়াস উদ্দিন এবং ইউপি চেয়ারম্যান কমল সরকার প্রমুখ।
সুজানগর পৌরসভায় ইমাম ও মোয়াজ্জিনদের মতবিনিময়
সুজানগর (পাবনা) সংবাদদাতা\ পাবনার সুজানগর পৌরসভার উদ্যোগে পৌরসভার উন্নয়নের লক্ষ্যে স্থানীয় ইমাম ও মোয়াজ্জিনদের এক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার পৌরসভার সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম। পৌর মেয়র তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সাইদুর রহমান সাইদ, পৌর কাউন্সিলর টুটুল হোসাইন, ইমাম রফিকুল ইসলাম, আব্দুল মোমিন ও ইউসুফ আলী প্রমুখ।
রংপুরে আইএপিপি প্রকল্প কর্মীদের মানববন্ধন
রংপুর প্রতিনিধি \ ঈদের আগে পূর্ণ বেতন-বোনাসের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে ইন্টিগ্রেটেড এগ্রিকালচার প্রোডাকটিভিটি প্রকল্পের (আইএপিপি) বৃহত্তর রংপুর অঞ্চলের কমকর্তা-কর্মচারীরা। সোমবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ সরকার ও দাতা সংস্থা জিএএফএসপির যৌথ অর্থায়নে বিশ্ব ব্যাংকের মাধ্যমে এবং ফাওয়ের সহযোগিতায় কৃষি মন্ত্রণালয় এবং মত্স্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ২০১১-১২ অর্থ বছর থেকে এই প্রকল্পটি চালু হয় এবং রংপুর ও বরিশাল বিভাগের ৮ জেলার ৫৪ মোট উপজেলায় প্রায় ৩ লাখ নারী-পুরুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। বক্তারা বলেন, এই প্রকল্প থেকে প্রায় ৩ লাখ নারী-পুরুষ তাদের ভাগ্যের পরিবর্তন করলেও এই প্রকল্পে কর্মরত ৭’শ ৮০ জন কমকর্তা-কর্মচারী প্রকল্পের শুরু থেকেই বঞ্চনার শিকার হচ্ছেন। নিয়োগের শর্ত মতে, সরকারি কর্মচারীদের ন্যায় সরকার প্রদত্ত সকল সুযোগ-সুবিধা পাবার কথা থাকলেও সেসব সুবিধা দেয়ার ব্যাপারে কর্তৃপক্ষ বরাবরই উদাসীন।
নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি মুশফিকুর রহমান
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুশফিকুর রহমান জেলার শ্রেষ্ঠ ওসি ও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন। সামপ্রতিক আইন-শৃংঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ কর্মদক্ষতার ভিত্তিতে তারা এই সম্মান অর্জন করেন। গত সোমবার নেত্রকোনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মো. জাকির হোসেন খান তাদের সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আ. মমিন, অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া আক্তার, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ছুরত আলম ও জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রমুখ।
কালকিনিতে বয়স্ক ও শিক্ষা উপবৃত্তির বই বিতরণ
কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা \ মাদারীপুরের কালকিনি উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতায় নতুন মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ১৬২, বয়স্ক ভাতা ৬৩৭, বিধবা ও দুস্থ মহিলা ভাতা ২৪৫, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ৬৬ ও শিক্ষা উপবৃত্তি ভাতা ৩৪টি মোট ১১শত বই বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ফজলে আজিমের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার বিশ্বজিত্ বৈদ্যের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মাদারীপুর-৩ সংসদ সদস্য কৃষিবিদ আ,ফ,ম বাহাউদ্দিন নাসিম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ তৌফিকুজ্জামান শাহিন, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, উপস্থিত ছিলেন উপজেলা সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন, এ্যাডভোকেট আবুল বাসার (এপিপি) মাদারীপুর জেলা জজকোর্ট, উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভাপতি আব্দুল জলিল আকন প্রমুখ।
নরসিংদী পৌরসভার বাজেট ঘোষণা
নরসিংদী প্রতিনিধি \ নরসিংদী পৌর সভার মেয়র গতকাল মঙ্গলবার নরসিংদী পৌরসভার বাজেট ঘোষণা করেছেন। এ উপলক্ষে নরসিংদী পৌরসভায় বাজেটোত্তর সংবাদ সম্মেলন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং নরসিংদী সদরের এমপি লে. কর্নেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হীরু বীরপ্রতীক। পৌরসভার মেয়র মো. কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও পলাশের সাবেক এমপি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভুঁইয়া, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভুঁইয়া, নরসিংদী পৌরসভার কাউন্সিলরবৃন্দ, সচিব, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, নরসিংদী পৌর এলাকার সর্বস্তরের প্রতিনিধিসহ অন্যরা।
কক্সবাজার পৌরসভার বাজেট ঘোষণা
কক্সবাজার প্রতিনিধি \ কক্সবাজার পৌরসভা গত সোমবার পৌর মেয়র সরওয়ার কামাল ২০১৪-১৫ অর্থ বছরের জন্য ৯২ কোটি ৮৯ লাখ ২ হাজার ১শ টাকার বাজেট ঘোষণা করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের এমপি সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা জিএম রহিমুল্লাহ, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আব্দুস সোবহান, কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সুজনের জেলা সভাপতি প্রফেসর এম.এ বারী, কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বদিউল আলম ও প্রবীণ আইনজীবী আবুল কালাম আযাদ। এসময় পৌরসভার কাউন্সিলরগণসহ শহরের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
কুলিয়ারচরে প্রতিবন্ধী ছাত্রদের হুইল চেয়ার প্রদান
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার কুলিয়ারচর প্রাথমিক শিক্ষা অফিসারের উদ্যোগে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্রদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল মিল্লাত, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাহ উদ্দিন। শিক্ষা কর্মকর্তা জানান, সরকারি উদ্যোগে প্রদানকৃত প্রতিটি হুইল চেয়ারের মূল্য ৭ হাজার টাকা।
সিরাজগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ সভা
সিরাজগঞ্জ প্রতিনিধি \ সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে সাবেক মত্স্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের দায়িত্ব গ্রহণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এ মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি। নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক ও সাবেক মত্স্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৬-এর সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান বিএসসিসহ জেলার সকল উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
মতলব উত্তর থানায় ওপেন হাউজ ডে
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা \ চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম গতকাল মঙ্গলবার চাঁদপুরের মতলব উত্তর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ষাটনল ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, ছেংগারচর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব অলিউল্লাহ সরকার, সাংবাদিক শামসুজ্জামান ডলার, গজরা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি দেওয়ান মজিবুর রহমান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি দেলোয়ার হোসেন সরকার, বাগানবাড়ি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম জমাদার, ইসলামাবাদ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নূরুল আমীন প্রমুখ।
পীরগঞ্জে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা\ গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ কোর্ট বিল্ডিং চত্বরে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৪ দিনব্যাপী পীরগঞ্জে ‘ফলদ বৃক্ষ ও কৃষি প্রযুক্তি মেলা’র প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো. ইয়াসিন আলী। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো. ইফতেখারুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠানের গেস্ট অব অনার ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি ইমদাদুল হক, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. আখতারুল ইসলাম। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পারুল বেগম, নাসারি মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ও কৃষক বাদশারুল ইসলাম প্রমুখ ।
বেড়ায় মৌসুমী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বেড়া (পাবনা) সংবাদদাতা\ “তৃতীয় বিশ্বের জনসংখ্যা পরিবেশ বিপর্যয়ের প্রধান কারণ” এই শিরোনামে বেড়া বিতর্ক চর্চা কেন্দ্রের আয়োজনে মৌসুমী বিতর্ক ২০১৪ এর চূড়ান্ত প্রতিযোগিতা গতকাল মঙ্গলবার আলহেরা নগর অনুষ্ঠিত হয়েছে। গত চারদিন ৬টি দলের মধ্য চূড়ান্ত প্রতিযোগিতায় দুটি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় যুক্তি-তর্কে বিপক্ষ দল বিজয়ী হয়। পরে প্রতিযোগীদের মধ্য ট্রফি ও মেডেল বিতরণ করা হয়। এছাড়া বিতর্ক চর্চা কেন্দ্রের ওয়েবসাইট উদ্বোধন করেন কেন্দ্রটির পরিচালক ওমর সরকার।
রাকাবের ঈদ সামগ্রী বিতরণ
নীলফামারী প্রতিনিধি\ সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) নীলফামারী জোন গতকাল শতাধিক মুক্তিযোদ্ধা ও পঙ্গু প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মমতাজুল হক এবং বিশেষ অতিথি হিসেবে রাকাব, রংপুর বিভাগীয় উপ-মহাব্যবস্থাপক, মাহাবুবুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ফজলুল হক উপস্থিত ছিলেন। রাকাব, জোনাল ব্যবস্থাপক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ পরিচালনা করেন রাকাব কর্মকর্তা দেবাশীষ ঘোষ।
সুন্দরগঞ্জে জাকাতের কাপড় বিতরণ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলায় নাহিদ কটন মিলস লিমিটেডের উদ্যোগে জাকাতের কাপড় বিতরণ করা হয়েছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার উপজেলার ছাপড়হাটী, চণ্ডিপুর ও কাপাসিয়া ইউনিয়নের দুঃস্থ-অসহায় নারী-পুরুষ ও শিশুদের মাঝে ৫শ’ শাড়ি, ৩শ’ লুঙ্গি, ১শ’ সেলোয়ার-কামিজ ও ১শ’ ৫০ পিচ পাঞ্জাবি বিতরণ করা হয়। উপস্থিত থেকে বিতরণে করেন আলহাজ্ব এম.এ ওয়াহেদ মিয়ার পক্ষে লাসেন খান রিন্টু, সাংবাদিক শাহ মোঃ রেদওয়ানুর রহমান, গোলজার রহমান, মঞ্জু মিয়া ও লায়েক আলী খান মিন্টু।
কোটালীপাড়ায় ভাসমান কৃষি বিষয়ে মতবিনিময়
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভাসমান কৃষিকে বিশ্বব্যাপী গ্রহণ যোগ্য করে তোলার লক্ষ্যে এফএও এর আয়োজনে ভাসমান কৃষি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় এফএও প্রতিনিধি ড. কেরিগ হুটন, ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর ড. মাজহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অতুল কৃষ্ণ মল্লিক, অতিরিক্ত পরিচালক (সশ্য) রমেশ চন্দ্র ব্রহ্ম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল, বাপার্ড উপ-পরিচালক মাহামুদুন্নবী, উপজেলা কৃষি অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, কৈননীয়ার ফিল্ড ম্যানেজার অসিত বরণ মণ্ডল, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, কৃষক দুলাল রত্ন বক্তব্য রাখেন।
